Published : 18 Apr 2026, 11:03 PM
পল্লিকবি জসীম উদ্দীনের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কাব্য ‘নকশী কাঁথার মাঠ’ অবলম্বনে নৃত্যনাট্য আয়োজন করেছে ‘মায়া বেঙ্গল ইন মোশন’।
ঢাকার তেজগাঁয়ে আলোকি কনভেনশন সেন্টারে এ নৃত্যনাট্য আয়োজনের কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ‘ন্যাচারাল ওয়েলনেস’ ব্র্যান্ড ‘মায়া’ এর যৌথ উদ্যোগে এবং এম ডব্লিউ প্রেজেন্টেড এ আয়োজন করেছে।
১৯৫৯ সালে বুলবুল ললিতকলা একাডেমির উদ্যোগে প্রথমবার এই কাব্যকে নৃত্যনাট্যে রূপান্তর করা হয়।
সেই ধারাবাহিকতায় এবারের মঞ্চায়নে লোকনৃত্যনাট্যের মাধ্যমে রূপাই ও সাজুর মর্মস্পর্শী প্রেম ও বিরহের আখ্যান নতুনভাবে তুলে ধরা হয়। আয়োজনে নৃত্য পরিবেশন করেন শামীম আরা নীপা, শিবলী মোহাম্মদ এবং নৃত্যাঞ্চল। পরিবেশনার দায়িত্বে ছিলেন আনিসুল ইসলাম হিরু।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ।
আয়োজনটি আগামী ২৯ এপ্রিল ‘আন্তর্জাতিক নৃত্য দিবস’ উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে সম্প্রচার করা হবে।