১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতের কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে ‘নয়া মানুষ’

মঙ্গলবার উৎসবে প্রদর্শিত হবে ‘নয়া মানুষ’ সিনেমাটি।

ভারতের কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে ‘নয়া মানুষ’
‘নয়া মানুষ’ সিনেমার দৃশ্য। ছবি: পরিচালকের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 02:33 PM

Updated : 10 Sep 2026, 12:46 PM

নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক চরের মানুষের জীবন যাপন ও মানবিকতাকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্র ‘নয়া মানুষ’ ভারতের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। 

ভারতের ‘কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালের’ পঞ্চম আসরে মঙ্গলবার প্রদর্শিত হবে সিনেমাটি। 

আ মা ম হাসানুজ্জমানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশু শিল্পী ঊষশী। 

'নয়া মানুষ' সিনেমার দৃশ্য। ছবি: পরিচালকের সৌজন্যে। 

'নয়া মানুষ' সিনেমার দৃশ্য

উৎসবে অংশগ্রহণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা সোহেল রানা বয়াতি গ্লিটজকে বলেন, “প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ‘নয়া মানুষ’ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছে, এটা খুবই আনন্দের বিষয়। এই উৎসবে বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে এটি প্রতিনিধিত্ব করছে। আমি বিশ্বাস করি চলচ্চিত্রটি মানুষের অন্তরে জায়গা করে নিবে।”    

চাঁদপুরের দুর্গম কানুদীর চরে কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নির্মিত ‘নয়া মানুষ’ চলচ্চিত্রে গান করেছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রয়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রয়।

গত ডিসেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি।