Published : 03 Jun 2026, 09:09 PM
অতিপ্রাকৃত, এবং প্রেম থেকে শুরু করে ভিন্ন ভিন্ন গল্প ও ঘরানার দশটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র একসঙ্গে দেখা যাচ্ছে এক প্ল্যাটফর্মে।
সিনেমাগুলো হল জাহিদুল হক অপুর ‘হুদাই মিস’, ইবনে নূর রাকিবের ‘হামাংকুলাস’, আদেল ইমাম অনুপের ‘সোলমেট’, শেখ কোরাশানীর ‘চা চাই’, আল-আমিন হাসান নির্ঝরের ‘তেলাপোকা’।
আরও রয়েছে মাহমুদা সুলতানা রীমার ‘লোক’, কনক খন্দকারের ‘ইন অ্যানাদার ওয়ার্ল্ড’, ফজলে রাব্বির ‘ফর সেল’, ইমতিয়াজ হোসেনের ‘অন দ্য কন্ট্রারি’এবং আবীর ফেরদৌস মুখরের ‘ইশপাইট’।
ফ্রেন্ডলি নেবারহুড ফিল্মমেকার্সের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে চলচ্চিত্রগুলো।

পেশাগত জীবনের বাইরে চলচ্চিত্রচর্চার আগ্রহ থেকে একদল তরুণ গড়ে তুলেছে ইউটিউবভিত্তিক প্ল্যাটফর্ম ‘ফ্রেন্ডলি নেবারহুড ফিল্মমেকার্স’ (এফএনএফ)। করপোরেট চাকরির ব্যস্ততা, সীমিত বাজেট আর সময়ের সংকট এসব বাধা পেরিয়েও সিনেমা নির্মাণের স্বপ্ন থেকেই তাদের এই উদ্যোগ।
গত বছরের ৩০ মে সীমিত পরিসরের একটি প্রদর্শনীতে প্রথমবার দেখানো হয়েছিল সিনেমাগুলো। স্বল্প বাজেটে নির্মিত এসব চলচ্চিত্র তখন দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়। সেই প্রদর্শনীর এক বছর পূর্তি উপলক্ষে এবার ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে সিনেমাগুলো।
এফএনএফের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে নির্মাতা জাহিদুল হক বলেন, "প্ল্যাটফর্মটিতে বর্তমানে প্রায় ২০ জন সদস্য রয়েছেন, যাদের সবার লক্ষ্য চলচ্চিত্র নির্মাণ। প্রথম সিজনে ১০ জন নির্মাতা হিসেবে কাজ করলেও অন্য সদস্যরা অভিনয়, ক্যামেরা ও বিভিন্ন কারিগরি দায়িত্বে যুক্ত ছিলেন।
“এটা ছিল আমাদের প্রথম সিজন। দ্বিতীয় সিজনে আরও নতুন নির্মাতাদের যুক্ত করার পরিকল্পনা আছে।”
প্ল্যাটফর্মটির আরেক সদস্য ও নির্মাতা শেখ কোরাশানী বলেন, "স্বল্প বাজেটের মধ্যে চলচ্চিত্র নির্মাণের লক্ষ্য নিয়েই আমাদের যাত্রা শুরু হয়েছিল। প্রথম সিজনে আমরা সেটা করতে পেরেছি। এই চর্চা আমরা চালিয়ে যেতে চাই। পাশাপাশি আরও পেশাদারভাবে কাজ করারও চেষ্টা থাকবে।"
নির্মাতাদের ভাষ্য, ইউটিউবের প্রচলিত কনটেন্টধারার বাইরে গিয়ে ভিন্ন ধরনের গল্প ও নির্মাণভাষা নিয়ে কাজ করার চেষ্টা করেছেন তারা। সেই বৈচিত্র্যের প্রতিফলনও দেখা যাবে সিনেমাগুলোর বিষয়বস্তুতে।
মাহমুদা সুলতানা রীমার ‘লোক’ নির্মিত হয়েছে বাংলাদেশি লোকজ হরর ঘরানায়। চলচ্চিত্রটি ইতোমধ্যে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
অন্যদিকে আদেল ইমাম অনুপের ‘সোলমেটে' একটি জুতা নিয়ে নানান দৃষ্টিকোণের গল্প বলা হয়েছে; জাহিদুল হক অপুর ‘হুদাই মিস’এ উঠে এসেছে এক করপোরেট চাকরিজীবী ও এক জিনকে ঘিরে অদ্ভুত এক গল্প।

আবীর ফেরদৌস মুখরের ‘ইশপাইট’ নির্মিত হয়েছে রোমান্টিক আবহে; ফজলে রাব্বির ‘ফর সেল’ এ অভিনয় করেছেন অভিনেতা রিজভী রিজু।
কণ্ঠশিল্পী আহমেদ হাসান সানিকে দেখা যাবে ইমতিয়াজ হোসেনের ‘অন দ্য কন্ট্রারি’তে।
নির্মাতারা বলেছেন, স্বল্প পরিসর ও সীমিত সম্পদের মধ্যেও চলচ্চিত্র নির্মাণ সম্ভব তাদের এই উদ্যোগ সেই বার্তাই তুলে ধরবে। নতুন নির্মাতাদের জন্যও এটি অনুপ্রেরণা হয়ে উঠবে বলে আশা তাদের।
খুব শিগগিরই দ্বিতীয় সিজনের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন তারা।