১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আমার বন্ধু দিপু: শাকিবের শোকগাথা

ফেইসবুকে শাকিব লিখেছেন, মৃত্যু অনিবার্য হলেও এত শিগগির দিপু চলে যাবেন, সেটি ছিল ভাবনারও অতীত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2023, 10:58 AM

Updated : 06 Dec 2023, 10:58 AM

প্রিয় বন্ধুকে হারিয়ে শোকার্ত ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বন্ধুর মৃত্যুতে স্বজন হারানোর শূন্যতা অনুভব করছেন এই নায়ক। মন থেকে সরাতে পারছেন না বন্ধুর সঙ্গে পুরনো দিনের স্মৃতি।

ফেইসবুকে নিজের মনের অবস্থা জানিয়ে দীর্ঘ পোস্ট দিয়েছেন শাকিব খান। যে লেখার শিরোনাম ‘আমার বন্ধু দিপু’।

শাকিবের বন্ধুর নাম সাজেদুল হোসেন দিপু চৌধুরী। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গত শনিবার। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে দিপু চিত্রনায়ক শাকিবের দীর্ঘদিনের বন্ধু।

Image

সাজেদুল হোসেন দিপু চৌধুরী

ফেইসবুকে শাকিব লিখেছেন, মৃত্যু অনিবার্য হলেও এত তাড়াতাড়ি দিপু চলে যাবেন, সেটি ছিল ভাবনারও অতীত।

শাকিব লিখেছেন, “কোন শব্দে তোকে নিয়ে লিখব কোন ভাষায় তোর পরিবারকে সান্ত্বনা জানাবো ভেবে পাচ্ছি না। একদিন আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এটাই নির্মম সত্য। কিন্তু তুই এতো তাড়াতাড়ি চলে যাবি সেটা আমার চিন্তার ঊর্ধ্বে ছিল।

বন্ধুর সঙ্গে সময় কাটানোর স্মৃতি স্মরণ করে শাকিব লিখেছেন, “এইতো কিছুদিন আগে তোর অফিসে নিয়ে গেলি, তোর সন্তানের এনিমেটেড সিনেমার কাজ দেখালি; আগামীতে কত কি করতে চাস সেইসব স্বপ্নের কথাগুলো বললি। সেই তুই হঠাৎ করে সবাইকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেলি! তুই নেই সেটা মানতে এখনো আমার কষ্ট হচ্ছে।“

দিপু যে নিয়মিত খোঁজখবর রাখতেন, সে কথাও লিখেছেন শাকিব।

“আমি যেখানে থাকতাম কিছুদিন পর পর ফোন করে খবর নিতি। কেমন আছি কবে আসবে কবে দেখা হবে কত কিছু জানতে চাইতি। সেই তোকে যখন মর্গে গিয়ে দেখছিলাম, মনে হচ্ছিল একটু পরেই উঠে দোস্ত বলে ডাক দিবি। যেমনটা দেখা হলেই তোর বন্ধুত্ব আর ভ্রাতৃত্বের পরম ভালোবাসা আমি অনুভব করতাম।“

দিপুকে দাফন করা হয়েছে ঢাকার বনানী কবরস্থানে। শাকিব বলেন, “যে বনানীর রাস্তা দিয়ে আমরা বহুবার একসঙ্গে যাতায়াত করেছি, সেখানে তোকে চিরদিনের জন্য সমাহিত করা হয়েছে। দূর থেকে শুধু তোর নিথর দেহকে দেখেছিলাম। তোর চলে যাওয়ায় আমি যে স্বজন হারানোর শূন্যতা অনুভব করছি সেটা বলে বোঝানোর উপায় নেই।”

বন্ধু দিপুর ভালোবাসার শূন্যতা যে কখনো পূরণ হবে না, সে কথা জানিয়ে শাকিব লিখেছেন, “তুই যে কত বড় মনের অধিকারী এবং ভালো মানুষ ছিলি সেটা তোর শেষ বিদায়ে মানুষের ঢলই বলে দেয়। যতদিন বেঁচে থাকব, তোকে খুব মিস করবোরে দিপু। ওপারে অনেক ভালো থাকিস বন্ধু আমার। তোর বিদেহী আত্মার শান্তি ও দোয়া কামনা করি। মহান আল্লাহ তোকে জান্নাতবাসী করুন।“

শাকিব খান কিছুদিন আগে ‘দরদ’ সিনেমার শুটিং শেষ করে ভারত থেকে দেশে ফিরেছেন। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।

এই নায়কের আগামী কাজ ‘রাজকুমার’। পরিচালনা করছেন শাকিবের চলতি বছরের হিট সিনেমা ‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ। এই সিনেমাতে শাকিবের নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি।