১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাড়ির ভেতরে যৌনদৃশ্য, অভিযোগের মুখে ‘টক্সিক’

সিবিএফসিকে চিঠি দিয়ে ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2026, 01:02 AM

Updated : 26 Aug 2026, 05:33 PM

টিজার প্রকাশের পর ভারতের দক্ষিণের তারকা যশ অভিনীত ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ সিনেমাটি তীব্র বিতর্কের মুখে পড়েছে। 

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, টিজারে ‘অশালীন দৃশ্য’ থাকার অভিযোগ তুলে রাজ্যের আম আদমি পার্টি (আপ) দলের নারী শাখা এ বিষয়ে ভারতের কর্ণাটক রাজ্য নারী কমিশনের কাছে অভিযোগ করেছে। তাদের ভাষ্য, এ ধরনের দৃশ্যের ব্যবহার সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের ক্ষতি করতে পারে। 

আম আদমি পার্টির কর্ণাটক শাখার নারী সংগঠনের নেত্রীরা রাজ্য নারী কমিশনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন; এবং যথাযথ পদক্ষেপ নেওয়ারও দাবি জানান। 

তাদের অভিযোগে আরও বলা হয়েছে, ‘টক্সিক’ সিনেমার টিজার নারী, শিশু ও অপ্রাপ্তবয়স্কদের উপরে প্রভাব ফেলতে পারে। 

একই সঙ্গে রাজ্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে টিজারটি নিষিদ্ধ করা এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়ার দাবিও জানিয়েছে আম আদমি পার্টির নারী শাখা।

এই অভিযোগের পর নারী কমিশনসেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে (সিবিএফসি) চিঠি দিয়ে ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়ার আহ্বান জানিয়েছে। 

কমিশনের সচিব সিবিএফসিকে চিঠিতে লিখেছেন, “নিয়ম অনুযায়ী আবেদনটি যাচাই করে উল্লিখিত বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হচ্ছে। এছাড়া এ বিষয়ে নেওয়া পদক্ষেপের প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।”

 গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ সিনেমার টিজার প্রকাশ্যে আসে গেল ৮ জানুয়ারি যশের জন্মদিনে। মুহূর্তেই সোশাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে ভিডিওটি।

ভিডিওর শুরুতে  একটি গাড়ির ভেতরে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায় যশকে। এর পরপরই একাধিক ব্যক্তিকে গুলি করে হত্যা করার দৃশ্য দেখানো হয়। 

টিজারটি নিয়ে এর পর থেকে আলোচনা সমালোচনা শুরু হয়। 

এই টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

সিনেমায় একাধিক নারী চরিত্র রেখেছেন পরিচালক। কিয়ারা আদভানি, নয়নতারা, রুক্মিণী বসন্তের ‘লুক’ নিয়েও আলোচনা হচ্ছে। এই প্রথম যশের বিপরীতে কিয়ারা নায়িকা হয়ে আসছেন; তার চরিত্রের নাম ‘নাদিয়া’। 

এই চরিত্র তার অভিনয় জীবনের অন্যতম কঠিন চরিত্র বলেও জানিয়েছেন কিয়ারা। তাই বেশ বড় অঙ্কের পারিশ্রমিকও নিচ্ছেন তিনি।

আরও আছেন তারা সুতারিয়া; গ্ল্যামারাস চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন হুমা কুরেশি। আরও অভিনয় করেছেন অক্ষয় ওবেরয় এবং সুদেব নায়ারসহ আরও অনেকে।

সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন যশ ও গীতু মোহনদাস। আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টক্সিক’।