অডিশনের নামে ‘প্রতারণা’: জনি লিভারের মেয়েকে নগ্ন হওয়ার প্রস্তাব
জেমি বলেন, “আমি সত্যিই সৌভাগ্যবান। ওই লিঙ্কেই ক্লিক করা উচিত ছিল না, উপস্থিত বুদ্ধি আমাকে বাঁচিয়েছে।”
অডিশনের নামে একবার একটি ‘ভয়াবহ অভিজ্ঞতার’ মুখোমুখি হতে হয়েছিল ভারতীয় কমেডিয়ান অভিনেতা জনি লিভারের মেয়ে জেমি লিভারকে।
সেটি হল, একটি আন্তর্জাতিক প্রজেক্টের অডিশনে তাকে ভিডিও কলে নগ্ন হতে বলা হয়েছিল বলে জানিয়েছেন জেমি।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, একটা আন্তর্জাতিক প্রজেক্টে অডিশনের ডাক আসায় রোমাঞ্চিত ছিলেন জেমি। তাই আগ্রহ নিয়ে ভিডিও কলে অডিশন দিতে বসেন।
জেমি বলেন, “তারা আমাকে স্ক্রিপ্ট দেয়নি, বলেছিল ইম্প্রোভাইজ করতে হবে। নির্ধারিত সময়ে আমাকে একটা লিঙ্ক পাঠানো হয়, আমি তাতে যুক্ত হই। আমাকে তখন বলা হয় পরিচালক সরাসরি আমার সঙ্গে কথা বলবেন।”
কিন্তু ওপাশ থেকে জেমির সঙ্গে যারা কথা বলছিলেন, তারা ভিডিও অপশনটি চালু না করে কথা বলছিলেন।
জেমি বলেন, “ভিডিও বন্ধ রেখে এক ব্যক্তি নিজেকে পরিচালক বলে পরিচয় দেন। বলেন, তিনি ট্র্যাভেল করছেন, তাই ভিডিও অন করতে পারছেন না। এরপর বলেন, এটা একটি আন্তর্জাতিক সিনেমা, আপনি চরিত্রের দিক থেকে একদম পারফেক্ট, কিন্তু কিছু টেস্ট করা প্রয়োজন।”
জেমি বলেন, তাকে বলা হয় চরিত্রটা শক্ত ধরনের। কমেডির ছাপ নেই।
“আমি নতুন ধরনের কাজ করতে আগ্রহী ছিলাম। জানতে চাই যে কি করতে হবে। তখন আমাকে বলা হয়, ‘আপনি কল্পনা করুন আপনার সামনে ৫০ বছরের একজন ব্যক্তি বসে আছেন, আপনি তাকে আপনার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছেন। আপনাদের মধ্যে একটি অন্তরঙ্গ দৃশ্য হবে।
“তখন বলি যে, স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করতে চাই। তিনি বলেন, কোনো স্ক্রিপ্ট নেই, পুরোটা ইম্প্রোভাইজড। আপনাকে যদি নগ্ন হতে হয়, কোনো সংলাপ না বলে কোনো কিছু একটা করতে হবে তাহলে আপনি পারবেন?”
এ কথায় জেমি অস্বস্তিতে পড়ে যান বলে জানিয়েছেন তিনি।
“কিন্তু ওই ব্যক্তি বার বার বলেন, এটা বড় কাজ, আপনাকে পছন্দ হয়েছে। আপনাকে নিতে চাই কাজে। তখন আমি সরাসরি বলে দেই, আমাকে যদি ভিডিও কলে নগ্ন হতে বলা হয় তাহলে আমি স্বাচ্ছন্দ্য নই।”
এরপর ভিডিও বন্ধ করে দেন জেমি। এবং বুঝতে পারনে কোনো প্রতারক চক্রের পাল্লায় পড়দে যাচ্ছিলেন তিনি।
জেমির ভাষ্য, তিনি যদি ভুল করে কাজটা করে ফেলতেন, তাহলে তিনি ব্ল্যাকমেইলের শিকার হতেন।
জেমি বলেন, “আমি সত্যিই সৌভাগ্যবান। ওই লিঙ্কেই ক্লিক করা উচিত ছিল না। কিন্তু উপস্থিত বুদ্ধি আমাকে বাঁচিয়েছে। এমন অনেক নারী আছেন, যারা এই ধরনের ফাঁদে পা দিয়ে সর্বনাশ করে ফেলেন।”
বলিউডের ‘কিস কিসকো পেয়ার করু’, ‘হাউসফুল ৪’, ‘ভূত পুলিশ’, ‘যাত্রিস’, ‘ক্র্যাক’সহ আরো কিছু সিনেমায় অভিনয় করেছেন জেমি।
তার স্ট্যান্ড-আপ কমেডি ট্যুর ‘দ্য জেমি লিভার শো’ শুরু হতে চলেছে যুক্তরাষ্ট্রে। আগামী ১ অগাস্ট সিয়াটল থেকে শুরু হয়ে ১৫টি শহর ঘুরে শো করার কথা রয়েছে জেমির।
৩১ আগস্ট বোস্টনে শেষ হবে তার এই সফর।
