১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আমি কবিতার মেয়ে ববিতা!’

“ববিতা আমাদের অভিনয়শিল্পের পাওয়ার হাউস।”

‘আমি কবিতার মেয়ে ববিতা!’
ববিতা ও জয়া আহসান

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2026, 10:59 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা একুশে পদক পাওয়ায় অভিনন্দন জানিয়ে ফেইসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান।

শৈশবের স্মৃতি, চলচ্চিত্রে ববিতার অবদান, অভিনয়ের শিক্ষাসহ নানা বিষয় এ পোস্টে তুলে ধরেছেন তিনি।

শৈশবের স্মৃতিচারণ করে শুক্রবার দেওয়া সেই পোস্টে জয়া লিখেছেন, “ছোটবেলায় নাকি আমি চুল গুছিয়ে মায়ের ঢলঢলে হাইহিল পরে ঘুরে বেড়াতাম। কেউ নাম জিজ্ঞেস করলে বলতাম, ‘আমি কবিতার মেয়ে ববিতা!’ কবিতাও ঠিক করে বলতে পারতাম না। ক-অ-বিতা!’’

ববিতার একুশে পদক প্রাপ্তিতে অভিনন্দন জানিয়ে জয়া লেখেন, ‘‘তার একুশে পদক প্রাপ্তিতে আমরা সবাই গর্বিত। যদিও এই পদক তাকে নতুন কিছু দিতে পারেনি। দেশের সর্বোচ্চ পুরস্কার হিসেবে তিনি বরাবরই পেয়েছেন মানুষের প্রাণঢালা ভালোবাসা। তাকে অনন্ত অভিনন্দন।’’ 

চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে একুশে পদক নিয়েছেন ববিতা। 

১৯৬৮ সালে জহির রায়হানের ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিষেক ঘটে ববিতার, সেখানে রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীর। 

অভিনয় নৈপুণ্যে কেবল বাংলাদেশে নয়, উপমহাদেশের শীর্ষ অভিনয়শিল্পীদের একজন হয়ে ওঠেন। 

ববিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে জয়া লিখেছেন, ‘‘ববিতা আমাদের অভিনয়শিল্পের পাওয়ার হাউস। তার কাছ থেকে আমরা শিখেছি অভিনয় কীভাবে শিল্প হয়ে ওঠে। শিল্পীর ব্যক্তিত্ব ও সৌন্দর্য কীভাবে বহন করতে হয়। বহু দুর্বল সিনেমা স্মরণীয় হয়ে আছে শুধুমাত্র তার অভিনয়গুণে। ঢাকাই সিনেমার পরিচ্ছন্ন ধারাটি গড়ে উঠেছিল কেবলই তার অভিনয়ের শক্তিতে। বিশ্বসিনেমার মাঝে থেকেও তিনি অবিশ্বাস্য শক্তিতে নজর কেড়েছেন।’’ 

জয়ার মতে, ‘‘তার কাছ থেকে শেখার, নেওয়ার শেষ নেই। আমরা শুধু চলচ্চিত্রের লোক নই, বাংলাদেশের মানুষও তার প্রতি ঋণী।’’

আরও পড়ুন:

একুশে পদক পাচ্ছেন ববিতা, শফিক রেহমান, আইয়ুব বাচ্চুসহ ৯ ব্যক্তি ও এক ব্যান্ড

'একুশে পদক' জহির রায়হানকে উৎসর্গ ববিতার

ববিতার একুশে পদক: স্বীকৃতির চেয়ে বড় যে প্রশ্নগুলো