Published : 06 Jul 2026, 03:59 PM
নাট্য সংগঠন 'লোক নাট্যদল' তাদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
১৯৮১ সালের এই দিনে যাত্রা শুরু করেছিল ‘লোক নাট্যদল’।
নাট্য সংগঠনটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই দিনের এই উৎসবের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে গেল শুক্রবার। মূল ও সমাপনী আয়োজন অনুষ্ঠিত হবে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।

এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুস সেলিম। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও এদিন জাহিদ চৌধুরীকে আজীবন সম্মাননা দেওয়া হবে।
এরপর মঞ্চে দেখানো হবে নাটক 'সুন্দর'। মোহিত চট্টোপাধ্যায় রচিত এবং কামরুন নূর চৌধুরী নির্দেশিত এই নাটকটি লোক নাট্যদলের ৩১তম প্রযোজনা।
সাড়ে চার দশকের পথচলায় দলটি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, উইলিয়াম শেক্সপিয়ার, গাও সিংজিয়ান, ইউরিপিদিস, বুদ্ধদেব বসু, মোহিত চট্টোপাধ্যায়, মনোজ মিত্র এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের মত দেশি-বিদেশি নাট্যকারদের নাটক মঞ্চে এনেছে।