২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় বছর পর মঞ্চে ‘রাত ভ’রে বৃষ্টি’

শিল্পকলা একাডেমিতে তিন দিনে নাটকটির চারটি প্রদর্শনী করা হবে।

ছয় বছর পর মঞ্চে ‘রাত ভ’রে বৃষ্টি’
‘রাত ভ’রে বৃষ্টি’ নাটকের দৃশ্য। ছবি: নাট্যদলের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2026, 12:40 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

অর্ধযুগ পর ফের মঞ্চে আসছে নাট্যদল আপস্টেজের প্রথম প্রযোজনা নাটক ‘রাত ভ’রে বৃষ্টি’। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনে নাটকটির চারটি প্রদর্শনী করা হবে। 

নাট্যদল আপস্টেজ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বুধবার, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদর্শিত হবে নাটকটি। আর শুক্রবার রয়েছে নাটকের দুইটি প্রদর্শনী। বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে রাত ভ’রে বৃষ্টি।

২০১৯ সালের ১৯ জুলাই প্রথম মঞ্চে আসে নাটকটি। সবশেষ প্রদর্শনী হয়েছিল ২০২০ সালে।

বুদ্ধদেব বসুর ‘রাত ভ’রে বৃষ্টি’ উপন্যাস থেকে অবলম্বনে এই নাটক। ১৯৬৭ সালে প্রকাশিত উপন্যাসটি ‘অশ্লীল ও সমাজবিরোধী’ আখ্যায় সেটি নিষিদ্ধ করে আদালত। প্রায় ছয় বছর মামলা চলার পর নিষেধাজ্ঞা উঠে যায়। 

নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। অভিনয় করেছেন কাজী রোকসানা রুমা, প্রশান্ত হালদার ও রঞ্জন দে সাথী।

নির্দেশক সাইফ সুমন বলেছেন, রাত ভ’রে বৃষ্টি বিয়ে ও সংসার নামক যৌথ প্রতিষ্ঠানের জটিল পাকচক্রে আবদ্ধ তিন নর-নারীর মনোদৈহিক টানাপোড়েনের গল্প। মধ্যবিত্ত সমাজজীবনে স্বামী-স্ত্রী বা বিবাহিত নারী-পুরুর দাম্পত্য সম্পর্কের নানা সূক্ষ্মাতিসূক্ষ্ম জটিলতা, বিশ্বাস-অবিশ্বাসের সংশয়ী প্রকাশও বটে।  

সাইফ সুমন বলেন, "সমাজের সবচেয়ে জটিল স্তরের বাসিন্দা মধ্যবিত্ত শ্রেণি। সেই মধ্যবিত্ত দাম্পত্য সম্পর্কের মানসিক ও জৈবিক টানাপোড়েন এবং তাদের অব্যক্ত মনোকথনই এ নাটকের উপজীব্য।  

"প্রায়োগিক সৌন্দর্যের পাশাপাশি থিয়েটারের মূল সৌন্দর্য অভিনয়। সেটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি এ প্রযোজনায়। আছে বুদ্ধদেব বসুর ভাষারও সৌন্দর্য। আগের প্রযোজনার সেট, কস্টিউম, অভিনয়, ডিজাইনেও এসেছে পরিবর্তন।"