Published : 31 May 2026, 09:50 PM
কোরবানির ঈদ ঘিরে প্রকাশ্যে এসেছে সংগীতশিল্পী ও গীতিকবি নীহার লিখনের নতুন গান 'পাথরের রাত'।
শুক্রবার থেকে নীহার লিখনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি।
গানটির কথা ও সুর করেছেন নীহার লিখন নিজেই। এর সংগীতায়োজনে ছিলেন অনিরুদ্ধ শুভ।
'পাথরের রাত' গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ইমামুল হোসাইন সিয়াদ। সিনেমেটোগ্রাফিতে ছিলেন জিরক্স ও আবু সাঈদ এবং ভিডিওতে শিল্পী নিজেই অভিনয় করেছেন।
নীহার লিখন বলেন, "কবিতা ও কথাশিল্পীর জীবন আমাকে এক আত্মসংশ্লিষ্টতার পরম জগতের অনুসন্ধানে নিমগ্ন রাখে, যেখানে গান এক অনন্য মাধ্যম। আমি যখন গান লিখি, সুর করি বা গাই, প্রকারান্তরে আমি আমাকেই প্রকাশ করি। এটি এমন এক আত্মনিবেদন যা নির্বাণের মত ব্রহ্মাণ্ডের আত্মাকে স্পর্শ করতে চায়। তাই এখানে অস্বচ্ছতা বা মিথ্যা প্রণোদনার সুযোগ নেই।"
তিনি বলেন, "'পাথরের রাত' গানটি মূলত এক আত্মার মৌন কলরব; যা বিচ্ছিন্ন হলেও কথা, সুর ও আর্তনাদে মেকি পৃথিবীকে পাশ কাটানোর আকুতি ধারণ করে। এটি সাধারণ 'ভালো লাগা' বা 'মন্দ লাগার' ঊর্ধ্বে উঠে শ্রোতাকে প্রকৃত এক অনুভবের জগতে নিয়ে যাবে বলে আমার প্রত্যাশা।"
ইউটিউব ছাড়াও 'পাথরের রাত' গানটি অ্যাপল মিউজিক, আমাজন মিউজিক, স্পটিফাই, টাইডাল ও অডিওম্যাকসহ সব প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।
নীহার লিখন এর আগে প্রকাশ করেছেন 'অস্থিরতা', 'কাগজের জাহাজ', 'বাবার ছায়ামুখ', 'আমি ধরবো হাত তোমারই' এবং 'তাকে আর খুঁজি নাই' গানগুলো।