২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

যেখানে নীরবতা কথা বলে: ঢাকায় ৪ দিনের মূকাভিনয় কর্মশালা

“এই শিল্পকে তরুণ প্রজন্মের কাছে আরও সহজ ও জনপ্রিয় করে তুলতেই এমন আয়োজন।"

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 01:36 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

শব্দহীন এক জগৎ, যেখানে কথা বলে চোখ, মুখ আর শরীরের ভঙ্গিমা। সেই নীরব শিল্পকেই নতুন করে ছড়িয়ে দিতে ঢাকায় আয়োজন করা হয়েছে ৪ দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা।

‘দ্য মামার্স' এর উদ্যোগ এই কর্মশালাটি বুধবার থেকে শুরু হয়ে চলবে থেকে ১৮ এপ্রিল পর্যন্ত, সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে। 

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে বলে আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকছেন মূকাভিনয়শিল্পী শহিদুল মুরাদ। তিনি বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের প্রশিক্ষক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ভারতের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "বর্তমান সময়ে যোগাযোগের মাধ্যমগুলো যখন শব্দ আর প্রযুক্তিনির্ভর, ঠিক তখনই মূকাভিনয় আমাদের ফিরিয়ে নেয় এক ভিন্ন অভিব্যক্তির জগতে, যেখানে শব্দ ছাড়াই বলা যায় গল্প।  প্রকাশ করা যায় ভালবাসা, প্রতিবাদ আর প্রতিরোধের মত অনুভূতি। এই শিল্পকে তরুণ প্রজন্মের কাছে আরও সহজ ও জনপ্রিয় করে তুলতেই এমন আয়োজন।"

"এই কর্মশালা শুধু অভিনয় শেখার একটি সুযোগ নয়; বরং এটি আত্মপ্রকাশের একটি শক্তিশালী মাধ্যম। এখানে অংশগ্রহণকারীরা নিজেদের অনুভূতি প্রকাশের নতুন ভাষা খুঁজে পাবেন।

কর্মশালার অংশগ্রহণ ফি নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা। তবে থিয়েটার কর্মী ও শিক্ষার্থীদের জন্য রয়েছে ৫০ শতাংশ ছাড়ের সুবিধা।