১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে ‘রবীন্দ্র সংগীত সন্ধ্যা’

“এ সংগীতানুষ্ঠান ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর বন্ধন ও অভিন্ন সাংস্কৃতিক মূল্যবোধের এক অনন্য উদযাপন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2025, 11:25 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (আইজিসিসি) হয়ে গেল সংগীত সন্ধ্যা।

বৃহস্পতিবার এ আয়োজনে গান পরিবেশন করেন রবীন্দ্র সংগীতশিল্পী তানজিনা তোমা ও দেবলীনা সুর।

আইজিসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “এ সংগীতানুষ্ঠান কেবল গুরুদেবের শিল্পপ্রতিভার প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর বন্ধন ও অভিন্ন সাংস্কৃতিক মূল্যবোধের এক অনন্য উদযাপন।”

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক অ্যান ম্যারি জর্জ বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর শুধু সাহিত্যিক নন, ছিলেন এক মহান চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সংস্কারক। ভারত ও বাংলাদেশের মানুষের হৃদয়ে তাঁর আত্মা চিরজাগরুক।”

তিনি বলেন, “অনেক দিক থেকেই রবীন্দ্রনাথ আমাদের দুই দেশের মধ্যে এক জীবন্ত সেতুবন্ধন। বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ এবং ভারতের জাতীয় সংগীত ‘জন গণ মন’ — উভয়ই তার সৃষ্টি, যা আমাদের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের অমলিন প্রতীক।

“শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষার মিলনস্থল। ভারত সরকার প্রতি বছর বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫০০টিরও বেশি 'আইজিসিসি বৃত্তি' প্রদান করে, এতে তারা বিশ্বভারতীসহ ভারতের অন্যান্য প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের সদস্য, ‘ভারত বিচিত্রা’ এর লেখক, শিল্পীরা।