২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাকিবকে নিয়ে সাকিবের 'সোলজার'

দেশপ্রেম, অ্যাকশন ও মানবিক আবেগের সমন্বয়ে তৈরি 'সোলজার' সিনেমার গল্প।

শাকিবকে নিয়ে সাকিবের 'সোলজার'
শাকিব খান

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 08:45 PM

Updated : 10 Sep 2026, 12:45 PM

মারকাটারি অ্যাকশন ও প্রেমের গল্পের পর সুপারস্টার শাকিব খানকে এবার পাওয়া যাবে দেশের সিনেমায়।

সিনেমার নাম ‘সোলজার’। নতুন কাজের শুটিংও শুরু করে দিয়েছেন ঢাকাই সিনেমার এই নায়ক। 

সাকিব ফাহাদের পরিচালনায় গেল সপ্তাহ থেকে শুরু হয়েছে দৃশ্যধারণ। এক ভিডিও বার্তায় সিনেমাটির পরিকল্পনার কথা জানিয়েছেন ফাহাদ। 

প্রায় আড়াই মিনিটের এক ভিডিও প্রচার হয়েছে শাকিব খানের ইউটিউব চ্যানেলে। ওই ভিডিওর শিরোনামে লেখা হয়েছে “পূর্বের সিনেমাগুলোকে ছাড়িয়ে যাবে ‘সোলজার’?”।

নির্মাতা ফাহাদ বলেন, “আমরা ‘সোলজার’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান অভিনয় করছেন। আমরা একটা দেশপ্রেম নিয়ে গল্প করার চেষ্টা করছি। বর্তমান সময়ের মানুষের মধ্যে যে সামগ্রিক ভাবনা, চিন্তা, আর বাস্তবতা সেই গল্পটাই তুলে ধরার চেষ্টা করেছি।"

শাকিব খান

শাকিব খান

গত কয়েক বছরে মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমার চেয়ে ‘সোলজারে’  তাকে ভিন্নভাবে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন এই পরিচালক। 

"আমরা চাইছি, উনি যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠেন— যাদের চিন্তা, যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি ‘সোলজার’-এ ফুটে উঠবে।”

দেশপ্রেম, অ্যাকশন ও মানবিক আবেগের সমন্বয়ে তৈরি হয়েছে ‘সোলজারের’ চিত্রনাট্য। 

চিত্রনাট্য নিয়ে নির্মাতার ভাষ্য, “দিনশেষে আমাদের গল্পটা আশার। আমরা জাতি হিসেবে যত সংকটে পড়ি না কেন, আশাবাদী থাকি সেটাই তুলে ধরা হবে ‘সোলজার' সিনেমায়।

 “আমাদের গল্পের ভেতরে একটা দর্শন আছে, একটা ভাবনা আছে। দর্শক যেন সিনেমা দেখে অনুপ্রাণিত হয় এবং হল থেকে বের হয়ে নিজের জায়গা থেকে কিছু করার তাগিদ অনুভব করে দেশকে এগিয়ে নেওয়ার সেই বার্তাই দিতে চাই।”

সাকিব ফাহাদ

সাকিব ফাহাদ

ঈদকেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে, সিনেমাটি অন্য সময় মুক্তি দেয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েন ফাহাদ। 

তিনি বলেন, “আমি মনে করি, আমাদের ইন্ডাস্ট্রি ঈদকেন্দ্রিক হয়ে গেছে। ঈদ ছাড়া অন্য সময়েও যদি ভালো সিনেমা মুক্তি পায়, তাহলে হল মালিক থেকে শুরু করে পরিবেশক, প্রযোজক সবাই লাভজনক হবে। আমরা সে সাহসী উদ্যোগ নিচ্ছি।”

সিনেমায় শাকিব খানের সঙ্গে কারা অভিনয় করবেন তা নিয়ে কোনো বার্তা দেননি নির্মাতা৷ 

‘সোলজারে’ সিনেমাটোগ্রাফির দায়িত্বে আছেন কামরুল হাসান খসরু।