২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্লিপনট সদস্যদের ‘লুক আউটসাইড ইওর উইন্ডো’ প্রকাশ্যে

অ্যালবামের গানগুলোকে ‘স্লিপনট’ ধাঁচের মত করতে চাননি সদস্যরা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2026, 12:52 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

মেটাল ব্যান্ড ‘স্লিপনট’ এর চার সদস্য আলাদা করে নতুন একটি অ্যালবাম প্রকাশ করেছেন। 

‘লুক আউটসাইড ইওর উইন্ডো’ নামের ওই অ্যালবামে কাজ করেছেন কোরি টেইলর, সিড উইলসন, শন ক্রাহান ও জিম রুট। এই চারজনই স্লিপ্নট ব্যান্ডের অন্যতম সদস্য।

রক ও মেটাল মিউজিক ভিত্তিক ম্যাগাজিন লাউডওয়্যার জানিয়েছে, ২০০৮ সালে মুক্তি পাওয়া স্লিপনটের চতুর্থ অ্যালবাম ‘অল হোপ ইজ গন’ এর রেকর্ডিংয়ের সময়েই চারজন মিলে ‘লুক আউটসাইড ইওর উইন্ডো’র ট্র্যাকগুলো তৈরি করেন ও রেকর্ড করেন।

২০১৯ সালে ‘উই আর নট ইওর কাইন্ড’ কনসার্ট ট্যুরের সময় অ্যালবামটি প্রকাশ করার পরিকল্পনা করেন চারজন। 

তবে কোভিড মহামারীর কারণে তা পিছিয়ে দেওয়া হয়। অবশেষে চলতি বছরের ১৮ এপ্রিল অ্যালবামটি প্রকাশ পায়।

অ্যালবামের গানগুলোকে ‘স্লিপনট’ ধাঁচের করতে চাননি সদস্যরা। তাদের দাবি, এটি স্লিপনটের মেটাল সাউন্ডের চেয়ে অনেকটা রেডিওহেডের এক্সপেরিমেন্টাল রক ধাঁচের। যে কারণে তারা এটিকে স্লিপনটের অ্যালবাম বলছেন না।

শন ক্রাহান মেটাল ম্যাগাজিন কেরাংকে এক সাক্ষাতকারে বলেন, শুরুতে তারা দুইজন এই অ্যালবামের কাজ শুরু করলেও ধীরে ধীরে বাকিরা উৎসাহিত হয়ে যোগ দেন।

ক্রাহান বলেন, “সত্যি বলতে, অ্যালবামটি নিয়ে কাজ করার সময় ব্যান্ডের নয়জন সদস্যের মধ্যে শুধু আমি আর জিমই (রুট) স্টুডিওতে গিয়েছিলাম। আমরাই শুরু থেকে শেষ পর্যন্ত স্টুডিওতে ছিলাম। এরপর কোরি আর সিড যোগ দেয় এবং এটার অংশ হয়ে যায়। এটা একজনের কোনো অ্যালবাম ছিল না। এটা আমাদের সবার। আমরা অ্যালবামটা অনেককে শুনিয়েছি আর জিজ্ঞেস করেছি, ‘কেমন হয়েছে?’ সবারই এক রায় ছিল, ‘এটা স্লিপনটের মত নয়।’”

১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রের আইওয়ায় গঠিত হয় ‘স্লিপনট’। 

হরর থিমের মুখোশ পড়ে পারফর্ম করার জন্য ব্যান্ড ও এর সদস্যরা দ্রুত পরিচিতি পান। 

১৯৯৯ সালে মুক্তি পায় তাদের সেলফ টাইটেড প্রথম অ্যালবাম। আর ২০২২ সালে প্রকাশ পায় তাদের সপ্তম ও সবশেষ অ্যালবাম ‘দ্য এন্ড, সো ফার’।