২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘকালীন ডিভোর্স মামলার গল্পে জড়ালেন মিঠুন-অঞ্জন

সিনেমায় বিচ্ছেদ চেয়েও বিয়ে টিকিয়ে রাখতে এক দম্পতির চেষ্টার গল্প তুলে ধরবে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2024, 10:33 AM

Updated : 10 Sep 2026, 12:23 PM

ভারতের দুই অভিনেতা মিঠুন চক্রবর্তী ও অঞ্জন দত্ত-দুজনেরই চলচ্চিত্রকার মৃণাল সেনের হাত ধরে বড় পর্দায় যাত্রা শুরু হলেও, সিনেমায় এক ফ্রেমে ধরা পড়েননি দুজন। এবার সেই কাজটি হয়েছে পরিচালক পথিকৃৎ বসুর চেষ্টায়।

আনন্দবাজার লিখেছে এই পরিচালকের ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ সিনেমায় এই প্রথম মিঠুন-অঞ্জনের দ্বৈরথ দেখবেন দর্শক।

সিনেমার টিজার পোস্টার প্রকাশ করেছেন পথিকৃৎ। এই সিনেমায় বিচ্ছেদ চেয়েও বিয়ে টিকিয়ে রাখতে এক দম্পতির চেষ্টার গল্প তুলে ধরবে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’। 

গত কয়েক বছরে কলকাতার সিনেমায় বাবার ভূমিকায় দেখা গেছে ডিস্কো ড্যান্সার খ্যাত তারকা অভিনেতা মিঠুনকে। সেদিক থেকে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ সিনেমায় মিঠুনের চরিত্রে ভিন্নতা এনেছেন নির্মাতা।

পথিকৃৎ বলেন, “মিঠুনদা  মানেই  কেমন যেন ‘বাবা বাবা’ ব্যাপার। আরও একটা কারণ আছে। তাকে খুব কম প্রেমের সিনেমায় অভিনয় করতে দেখেছি। সেই জায়গা থেকে মনে হয়েছিল, যদি আমার সিনেমায় তাকে সেইভাবে দেখানো যায় কেমন হয়? 

“কাজ করতে গিয়ে দেখলাম, একটুও ভুল ভাবিনি। মিঠুনদা এই বয়সেও প্রেমের দৃশ্যে যে কী করে ফেলতে পারেন, কেউ জানে না!”

মিঠুন ও অঞ্জনের কাজ নিয়ে পরিচালক বলেন, “টেনশনের চোটে সেটে সারাক্ষণ অঞ্জনদা দাঁড়িয়ে থাকতেন! মিঠুনদার শট দেখে পরের দৃশ্যে তিনি কী অভিনয় করবেন তারপর সেটা ঠিক করতেন।“

পরিচালকের কথায়, “ভালোবাসায় যদি প্রতীক্ষা না থাকল তা হলে সেই সম্পর্কে প্রেম কই? এই অনুভূতি আবারও ফিরিয়ে আনতে হবে।”

দম্পতির ভূমিকায় দেখা যাবে মিঠুন-অঞ্জনা বসুকে। অঞ্জন দত্তকে দেখা যাবে অঞ্জনার প্রাক্তন প্রেমিকের চরিত্রে।

এই তিনজনের ঘটনার পাশাপাশি বর্তমান প্রজন্মের আরেক দম্পতির সম্পর্কের টানাপোড়েনের ঘটনাও দেখান হবে সিনেমায়। এই জুটিতে ধরা দেবেন পরমব্রত চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকার।

২০২৫ সালের পয়লা বৈশাখে প্রেক্ষাগৃহে আসবে‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’। 

 ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ সিনেমায় অঞ্জন দত্ত প্লেব্যাকও করেছেন।