‘পোহালে শর্বরী’ নিয়ে মঞ্চে আসছে থিয়েটার
নাটকের টিকেট বিক্রির টাকা সিলেটের বন্যাদুর্গতদের সহযোগিতায় দেওয়া হচ্ছে।
নাট্যদল ‘থিয়েটার’ প্রযোজিত ‘পোহালে শর্বরী’ নাটকের সপ্তম প্রদর্শনী হতে যাচ্ছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হবে। এর আগে গত ১ জুলাই প্রথম প্রদর্শনী হয়েছিল এই নাটকের।
হিন্দি ভাষার সাহিত্যিক সুরেন্দ্র বর্মার ‘সুরয কি অন্তিম কিরণ সে সুরয কি পহেলি কিরণ তক’ থেকে ‘পোহালে শর্বরী’ অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক। নির্দেশনা দিয়েছেন রামেন্দু মজুমদার এবং সংযুক্ত নির্দেশনায় আছেন ত্রপা মজুমদার।
রামেন্দু মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাটকটির উদ্বোধনী প্রদর্শনীর আগে আমরা ঘোষণা দিয়েছিলাম টিকেট বিক্রির টাকা সিলেটের বন্যাদুর্গতদের সহযোগিতায় দেওয়া হবে। ইতিমধ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ফান্ডে ১ লাখ টাকা দিয়েছি। সাংস্কৃতিক জোট সুনামগঞ্জে বন্যার্তদের ঘর তুলে দিচ্ছে, সেখানে এই টাকা ব্যয় করা হচ্ছে।”
উদ্বোধনী প্রদর্শনীতে ৮৬ হাজার টাকার টিকেট বিক্রি হয়েছে বলে জানান রামেন্দু মজুমদার।
নাটকটির পোশাক পরিকল্পনা করেছেন ফেরদৌসী মজুমদার। এ ছাড়া মঞ্চ, আলো ও সামগ্রী পরিকল্পনায় পলাশ হেন্ড্রি সেন, আবহ সংগীত পরিকল্পনায় তানভীর আলম সজীব, কোরিওগ্রাফি পরিকল্পনায় স্নাতা শাহরীন, রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়।
দেড়-দু’হাজার বছরের আশেপাশে এক কালখণ্ডে রাজবংশের উত্তরাধিকারের সঙ্কটে নারীকে তার কামনা-বাসনার কোনো মূল্য না দিয়ে নিছক সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবে বিবেচনা করার এক কাহিনী বিধৃত হয়েছে এ নাটকে। তার পাশাপাশি রয়েছে ধর্মের অনুশাসন ও রাজনীতির কূটকৌশলযার শিকার হয়েছে একইভাবে পুরুষও।
রামেন্দু মজুমদার বলেন, “বিষয়বস্তুর জন্যই আমরা এই নাটকটি মঞ্চে আনতে উৎসাহিত হয়েছি।”
নাটকটিতে অভিনয় করছেন গুলশান আরা, মাহমুদা আক্তার লিটা, নাজমুন নাহার নাজু, সামিয়া মহসীন, আপন আহসান, নূর-এ-খোদা মাশুক সিদ্দীকি, শেকানুল ইসলাম শাহী, মুশফিকুর রহমান, সামিরুল আহসান, তানভীর হোসেন সামদানী, তানভীন সুইটি, তানজুম আরা পল্লী, রাশেদুর রহমান, রবিন বসাক, ত্রপা মজুমদার, জোয়ারদার সাইফ।
নাটকের সংযুক্ত নির্দেশক ত্রপা মজুমদার বলেন, “নাটকটির প্রতিটি চরিত্রের জন্য আমরা দু’জন করে অভিনেতা তৈরি করেছি। ফলে একদিকে যেমন দলের বেশি কর্মী কাজের সুযোগ পেয়েছেন, অন্যদিকে তেমনি কারও সমস্যার কারণে যেন প্রদর্শনী থেমে না যায়, সেটিও বিবেচনায় রাখা হয়েছে।”
