বাড়িয়ে বলে আবার ধরা খেলেন ঊর্বশী
নেটিজেনদের অনেকে বলছেন, আলোচনায় থাকতেই বারবার এমন কাণ্ড ঘটাচ্ছেন এই বলিউড তারকা।
বাড়িয়ে কথা বলার জন্য বারবার সমালোচনায় পড়ছেন উর্বশী রাউতেলা; তারপরও স্বভাবটি বদলাচ্ছে না এই বলিউড তারকার।
সর্বশেষ আইআইটিতে পড়ার দাবি করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন উর্বশী।
এই চিত্রনায়িকার সোশাল মিডিয়া হ্যান্ডেলে পরিচিতিতে লেখা ছিল, তিনি আইআইটির ছাত্রী। তা নিয়ে সবাই কৌতূহলী হয়ে উঠেছিল, তা আসলে সত্যি কি না, তা নিশ্চিত হতে অনেকে তার শিক্ষাগত যোগ্যতার সনদও চেয়ে বসেন।
সম্প্রতি ভারতের এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে এনিয়ে প্রশ্নের মুখে তিনি শিকার করেন, তিনি আইআইটির প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তবে পড়া হয়নি।
উর্বশী বলেন, তিনি বিজ্ঞানে স্নাতক। আইআইটির প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ইচ্ছা ছিল অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার। তবে তা হয়নি। শেষমেশ তিনি অভিনেত্রী হয়েছেন।
“ক্লাস টুয়েলভের বোর্ডের পরীক্ষায় আমার বিষয় ছিল পদার্থ বিজ্ঞান, রসায়ন ও কম্পিউটার সায়েন্স। ফলও বেশ ভালো হয়। আমি আইআইটির পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলাম। আমি জানি অনেকেরই স্বপ্ন আইআইটিতে পড়ার, যেমনটা আমার ছিল। আমি প্রস্তুতি নিয়েছি, পাসও করেছিলাম, এটুকুই।”
এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর নিজের ইনস্টাগ্রামে দেওয়া বিবরণে আইআইটির অংশটি ছেঁটে দিয়েছেন তিনি।
অভিনয় দিয়ে যতটা, উর্বশী তার চেয়ে বেশি আলোচনায় এমন সব কথাবার্তার কারণে। কখনও ১৯০ কোটি টাকা দিয়ে বাড়ি কেনার গুঞ্জন, কখনও ক্রিকেট তারকা ঋষভ পন্টের সঙ্গে সম্পর্কের কানাঘুষো।
কিছু দিন আগে বলিউডের প্রবীণ অভিনেত্রী পারভীন ববির বায়োপিকে নাম ভূমিকায় অভিনয়ের ঘোষণা দিয়েছিলেন ঊর্বশী। তবে সেটাও ভুয়া জানার পর নেটিজেনদের তোপের মুখে পড়েন তিনি।
নেটিজানরা বলছেন, ‘লাইমলাইটে’ থাকতেই এমন সব কাণ্ড করছেন উর্বশী।
২৯ বছর বয়সী উর্বশী ২০১৫ সালে মিস দিভা ইউনিভার্স খেতাব জয় করে প্রচারে আসেন। ২০১৩ সালে ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমা দিয়ে তার বলিউডে অভিষেক।
এরপর এই পর্যন্ত ডজনখানেক সিনেমা তিনি করেছেন, তার মধ্যে রয়েছে ‘সনম রে’, ‘হেইট স্টোরি ৪’ কিছুটা আলোচনা তৈরি করলেও বাকিগুলো বক্স অফিসে গুরুত্ব পায়নি। তবে হৃতিক রোশানের কাবিল সিনেমায় আইটেম গানে তার নাচ বেশ জনপ্রিয়তা পায়।
