নারী নির্মাতাদের চলচ্চিত্রে নারীর অবস্থান কতটা ‘স্পষ্ট’ হল
চলচ্চিত্রের মতো গুরুত্বপূর্ণ একটি শিল্পমাধ্যমে নারীর অবস্থান কতটা পরিস্কার, সেটি আলোচনার মাধ্যমে বুঝতে চেয়েছেন নির্মাতারা।
বাংলাদেশের নারী নির্মাতাদের চলচ্চিত্রে ‘নারীর’ অবস্থান ও ভূমিকা ঠিক কীভাবে ফুটে উঠছে সে বিষয়টি বুঝতে এক হয়েছিলেন কয়েকজন নির্মাতা। তারা মনে করছেন, গুরুত্বপূর্ণ এই শিল্পমাধ্যমে ‘নারীর’ অবস্থান স্পষ্ট করতে এখনও কিছু ঘাটতি রয়ে গেছে।
রোববার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘বাংলাদেশি নারী নির্মাতাদের চলচ্চিত্রে নারী’ শীর্ষক এই সেমিনার হয়। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের ৩৬ বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন।
অনুষ্ঠানের সঞ্চালক ও চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা সঙ্গীতা বলেন, নারী নির্মাতাদের চোখে নারীর পৃথিবী কেমন এবং ‘পুরুষতান্ত্রিক’ সমাজ কাঠামোতে চলচ্চিত্রের মত গুরুত্বপূর্ণ একটি শিল্পমাধ্যমে নারীর অবস্থান কোথায়, সেটা তারা আলোচনার মাধ্যমে বুঝতে চেয়েছেন।
“নির্মাতা হিসেবে, চলচ্চিত্রের চরিত্র হিসেবে নারীর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক অবস্থান এবং উপস্থাপন কেমন? এ বিষয়গুলো আলোচনায় এসেছে।“
এল. অপু রোজারিওর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন চলচ্চিত্র নির্মাতা লাবনী আশরাফি।
তিনি তার প্রবন্ধে চলচ্চিত্র নির্মাতা শামীম আখতারের ‘ইতিহাস কন্যা’, ফৌজিয়া খানের ‘যে গল্পের শেষ নেই’, নার্গিস আকতারের ‘মেঘের কোলে রোদ' চলচ্চিত্রের আলোকে নারীর ভূমিকা ও অবস্থান ব্যাখ্যা করেন।
প্রবন্ধের ওপর আলোচনায় নারীর যৌনতার প্রকাশ নিয়ে চলচ্চিত্র পরিচালক শামীম আখতার বলেন, “এখনও আমাদের মধ্যে আড়ষ্টতা রয়ে গেছে, যেটা ভাঙতে আমরা চেষ্টা করছি।”
নির্মাতা নার্গিস আকতার বলেন, “৫০টির বেশি প্রামাণ্যচিত্র নির্মাণের পর আমি সিনেমায় এসেছি। এখানে আমাকে বাণিজ্যিক ধারার নির্মাতা বলা হয়েছে। দর্শকের কথা ভেবেই আমাকে সিনেমায় অনেক কিছু যুক্ত করতে হয়।“
নির্মাতা রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতীর কথা’র সূত্র ধরে নির্মাতা ফৌজিয়া খান বলেন, ‘অদ্ভুত রকমের সুন্দর ভিজ্যুয়াল, সাউন্ড, নির্মাণ- সবই ভালো। কিন্তু আমি ছবিতে চন্দ্রাবতীকে খুঁজেই পাইনি। চন্দ্রাবতীকে চিনতেই পারিনি।”
চলচ্চিত্র বোদ্ধা মানজারে হাসীন মুরাদ বলেন, “এই প্রথম বাংলাদেশের কোনও চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধে নারীর চোখে নারীকে দেখতে পেলাম।”
চলচ্চিত্র নির্মাতা মসিহউদ্দীন শাকের, জাহিদুর রহিম অঞ্জন, এন রাশেদ চৌধুরী, রাকিবুল হাসান, আকরাম খান, সাংবাদিক সেলিম সামাদ, স্থির চিত্রগ্রাহক মনিরা মোরশেদ মুন্নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘টেলিভিশন, ফিল্ম এবং ফটোগ্রাফি’ বিভাগের চেয়ারপার্সন হাবিবা রহমান উপস্থিত ছিলেন সেমিনারে।
