Published : 11 Dec 2024, 09:05 PM
অস্কারজয়ী চলচ্চিত্র ফরেস্ট গাম্পের আদলে বলিউডে অভিনেতা-পরিচালক আমির খান যে ‘লাল সিং চাড্ডা’ বানিয়েছিলেন, সেখান থেকে ‘সরে দাঁড়াতে’ চেয়েছিলেন নায়িকা কারিনা কাপুর।
তাও আবার যখন অর্ধেকের বেশি শুটিং করা হয়ে গিয়েছে, তখন কারিনা এমনটা ভেবেছিলেন।
আনন্দবাজার লিখেছে, এক সাক্ষাৎকারে কারিনা এ কথা জানিয়েছেন।
কারিনা বলেছেন “আমি যে সন্তানসম্ভবা হয়ে পড়েছি, সেটা কোভিড মহামারীর মধ্যে বুঝতে পারি। প্রথমে সাইফকে (সাইফ আলী খান) বিষয়টা জানাই। ও বলে আমিরের সঙ্গে কথা বলতে।’’
তার পর আমিরকে ফোনে বিষয়টি জানান করিনা।
অভিনেত্রী বলেন, “আমি বলি, তুমি চাইলে আমাকে বাদ দিতে পারো। কারণ আমি একজন মা এবং এই মুহূর্তে আমি আমার দ্বিতীয় সন্তানের জন্মের অপেক্ষায় রয়েছি।“
আমির এ কথা শুনে ‘শান্ত ছিলেন’ বলে ভাষ্য কারিনার।
“আমির আমাকে বলেন, আমরা একসঙ্গে সিনেমাটা করব। আমি তোমার জন্য অপেক্ষা করব।“
আমিরের এ কথায় তিনি আশ্বস্ত হয়েছিলেন বলেও জানিয়েছেন কারিনা।
টম হ্যাঙ্কস অভিনীত সেই ক্লাসিকের ভারতীয় রূপান্তরের কাজ শুরু হয় ২০১৮ সালে, যা মুক্তি পায় ২০২১ সালে।
আমির ও তার সঙ্গীদের ভাষ্য, মূল ফরেস্ট গাম্পের প্রতি ‘সম্মান রেখেই’ লাল সিং চাড্ডাকে চমকপ্রদ একটি নতুন আঙ্গিক তারা দিতে চেষ্টা করেছেন।
সিনেমার লাল সিং চাড্ডার ভূমিকায় অভিনয় করেস আমির খান, তিনি পাঞ্জাবের একজন যুবক হয়ে পর্দায় আসেন; আর ফরেস্ট গাম্পের জেনির মত লাল সিংয়ের রূপার চরিত্রে অভিনয় করেছেন কারিনা।
মূল চলচ্চিত্রে যেমন একজন সাদাসিধে ভালো মানুষ গাম্পকে ভিয়েতনাম যুদ্ধ, ওয়াটারগেইট কেলেঙ্কারির মত মার্কিন ইতিহাসের বড় বড় ঘটনার মধ্য দিয়ে পরিভ্রমণ করতে দেখা যায়; লাল সিং চাড্ডার জীবনও তাকে ২০ শতকের ভারতের সাংস্কৃতিক ও রাজনৈতিক বাঁক বদলের নানা ঘটনার মধ্যে দিয়ে নিয়ে যায়।
লাল সিং চাড্ডা ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় এবং পাকিস্তানের সঙ্গে কার্গিল যুদ্ধের মত ঐতিহাসিক ঘটনাগুলো প্রত্যক্ষ করেন। বলিউডের আর সব সিনেমার মত এ চলচ্চিত্রেও প্রচুর গান রাখা হয়।
যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক উইনস্টন গ্রুমের ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে হলিউডের সিনেমাটি পরিচালনা করেন রবার্টস জেমিকস; এ সিনেমায় অভিনয় করে অস্কার পেয়েছিলেন টম হ্যাংকস।
কিন্তু দর্শক আমিরের এই সিনেমা থেকে প্রথমেই মুখ ফিরিয়ে নেনে।
আমিরের ‘সফল’ ক্যারিয়ারে ‘লাল সিং চাড্ডা’ ব্যর্থতা শব্দটি যোগ করে দেয়। ওই সিনেমা মুক্তির কিছুদিন পর অবসরের ঘোষণা দেন আমির খান। তবে কিছুদিন আগে জানিয়েছেন আরো এক দশক আমির কাজ করবেন। তবে এই কয়েক বছরে আমিরকে আর কোনো সিনেমায় অভিনেতা হিসেবে পাওয়া যায়নি।