২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বানভাসিদের পাশে দাঁড়াতে তারকাদের আকুতি

দেশের ১০ জেলার ৩৬ লাখের বেশি মানুষ বন্যাকবলিত; দুর্গত এসব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান তারকা ও শিল্পীদের।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2024, 09:41 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

টানা ভারি বর্ষণ ও উজানের ঢলে বাংলাদেশের পূর্বাঞ্চলের ১০ জেলায় ভয়াবহ বন্যায় মানবেতর পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র তারকা ও সংগীত শিল্পীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে বন্যাকবলিত এলাকার ছবি শেয়ার করে জরুরি ত্রাণ সরবরাহের জন্য সবাইকে এগিয়ে আসার তাগিদ দিচ্ছেন তারা।

বন্যার বেশ কয়েকটি ছবি ফেইসবুকে শেয়ার করে ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী লিখেছেন, “নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। লক্ষ লক্ষ মানুষ ও অবলা প্রাণী বিপদগ্রস্ত।

“যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন।”

চিত্রনায়িকা পরীমনি একটি ছবি শেয়ার করে লিখেছেন, “আল্লাহ! কী করব আমি! বুকের ভেতর দুমড়েমুচড়ে যাচ্ছে। এই চোখের দিকে তাকিয়ে কী করে ঘুমাব!

“আল্লাহ তুমি সহায় হও। কেউ নেই আর এখন। আমি যাব। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার, করব ইনশাআল্লাহ।”

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, “আসুন, আমরা সবাই বানভাসি মানুষের পাশে দাঁড়াই।”

বন্যা পরিস্থিতিতে বিপদগ্রস্তদের সহযোগিতায় কিছু ফোন নম্বর শেয়ার করেছেন অভিনেত্রী নিপুণ আক্তার।

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অবিরাম বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ ১০ জেলার মানুষ।

হঠাৎ অস্বাভাবিক বন্যায় বিপদে পড়েছে এসব জেলার ৩৬ লাখের বেশি মানুষ। বন্যাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ করছে।

এমন দুর্যোগে চলচ্চিত্র অঙ্গনের তারকাদের পাশাপাশি সংগীত শিল্পীরাও সোচ্চার হয়েছেন। বন্যা পরিস্থিতিতে শিল্পীরা ‘গেট আপ স্ট্যান্ড আপ’ নামে একটি উদ্যোগ নিয়েছেন। ‘বন্যার্তদের পাশে দাঁড়াই’ লেখা একটি ‘ফটো কার্ড’ শেয়ার করে অর্থ সংগ্রহ করছেন।

জনপ্রিয় ব্যান্ড দল 'শিরোনামহীন', 'আরবোভাইরাস', 'নেমেসিস' ও 'সোনার বাংলা সার্কাস’সহ বেশ কয়েকটি ব্যান্ড সেই কার্ড শেয়ার করেছেন।

‘কুঁড়েঘর’ ব্যান্ডের শিল্পী তাসরিফ খান বৃহস্পতিবার এক পোস্টে লিখেছেন, “লক্ষ্মীপুর থেকে ট্রাকে করে দুটি স্পিডবোট নিয়ে ফেনীতে বন্যায় বিপদগ্রস্ত মানুষকে রেসকিউ করতে যাচ্ছি।”

অপরদিকে নির্মাতা রায়হান রাফি বাংলাদেশ বিমান বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে লিখেছেন, “অনেক মানুষ আটকে আছে, প্লিজ তাদের উদ্ধার করুন। মানুষগুলোর জীবন বাঁচান।”

এ ছাড়া জয়া আহসান, অপু বিশ্বাস, জায়েদ খান, মাহিয়া মাহি, মামনুন ইমন, জাকিয়া বারী মম, ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, সাফা কবির, নির্মাতা আশফাক নিপুণ, অমিতাভ রেজা চৌধুরী, রেদওয়ান রনিসহ অনেকেই বন্যা পরিস্থিতিতে মানুষকে পাঁশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন। নিজ নিজ জায়গার থেকে সহযোগিতার উদ্যোগ নিচ্ছেন।

আরও পড়ুন-

ভারত বাঁধ খুলেছে কি না, যোগাযোগ করছে সরকার

উপদেষ্টাদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান ইউনূসের

বন্যায় আটকে পড়া ১৮১০ জনকে উদ্ধার ফায়ার সার্ভিস ও বিজিবির

অনুষ্ঠান স্থগিত করে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান সাংস্কৃতিক কর্মীদের