১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৬৫ শিল্পীর কর্ম নিয়ে 'রবীন্দ্রনামা'

এ প্রদর্শনী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনের অংশ।

৬৫ শিল্পীর কর্ম নিয়ে 'রবীন্দ্রনামা'
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে বৃহস্পতিবার শুরু হয় সপ্তাহব্যাপী প্রদর্শনী ‘রবীন্দ্রনামা’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2025, 11:52 PM

Updated : 26 Aug 2026, 12:49 PM

দেশের ৬৫ জন শিল্পীর কর্ম নিয়ে ঢাকায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী প্রদর্শনী- ‘রবীন্দ্রনামা’।

বৃহস্পতিবার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এ প্রদর্শনী উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রণয় ভার্মা বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি, চিত্রশিল্পী, দার্শনিক, নাট্যকার, সুরকার, শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারকই ছিলেন না, তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চিরন্তন সাংস্কৃতিক সেতুবন্ধও ছিলেন।

"আমাদের দুই দেশের জাতীয় সংগীতের রচয়িতা হিসেবে রবীন্দ্রনাথ আমাদের জাতিগুলোর মধ্যে দৃঢ় সাংস্কৃতিক ও আবেগঘন বন্ধনের প্রতীক। ‘রবীন্দ্রনামা’ সেই অমর উত্তরাধিকারকে উদযাপন করে।"

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক অ্যান মেরি জর্জ বলেন, "এই প্রদর্শনী রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ। এর আগে আইজিসিসি ৮ মে ‘রবির ছায়া’ শিরোনামে একটি রবীন্দ্রসংগীত সন্ধ্যার আয়োজন করেছিল, যেখানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী চঞ্চল খান অংশগ্রহণ করেন।"

‘রবীন্দ্রনামা’ প্রথম হয় ২০১১ সালে; রবি ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে পরিকল্পনা করা হয়।

এটি ওয়াকিলুর রহমান, অধ্যাপক নিসার হোসেন এবং অধ্যাপক রশীদ আমিনের নেতৃত্বে ৬৫ জন শিল্পীকে একত্রিত করে বলেও জানায় আয়োজকরা।

২০১১ সালে প্রথম প্রদর্শিত হয় এবং পরে এটি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রপতি ভবনে উপস্থাপন করা হয়। এছাড়া কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি জাদুঘরে প্রদর্শিত হয়।

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে বৃহস্পতিবার ‘রবীন্দ্রনামা’ উদ্বোধনের পর হয় সংগীত সন্ধ্যা।  

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে বৃহস্পতিবার ‘রবীন্দ্রনামা’ উদ্বোধনের পর হয় সংগীত সন্ধ্যা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "১৪ বছর পর এটি নতুন করে প্রাণ পাচ্ছে এই প্রদর্শনীর মাধ্যমে। ‘রবীন্দ্রনামা’ আজও নতুন ভিজ্যুয়াল চেতনার মাধ্যমে রবীন্দ্রনাথকে স্মরণ করায়, যিনি তার ঐক্য, শান্তি এবং সৃজনশীলতার বার্তা দিয়ে জাতিসীমা অতিক্রম করেছিলেন।"

প্রদর্শনীর কিউরেটর সঞ্জয় চক্রবর্তী বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানো ছাড়াও, ‘রবীন্দ্রনামা’ তার ভাবমূর্তি ও আদর্শকে বৃহত্তর জনসমাজের, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চায়।"

উদ্বোধনী অনুষ্ঠানের পরে একটি সংগীত সন্ধ্যা হয়, যেখানে ধ্রুপদ ও রবীন্দ্রসংগীত পরিবেশন করেন ঋতুপর্ণা চক্রবর্তী ও সুবীর কুমার চক্রবর্তী।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন রফিকুন নবী, আবুল বারক আলভী, জামাল আহমেদ, রঞ্জিত দাস, শহীদ কবির, ওয়াকিলুর রহমান, ঢালী আল মামুন, নিয়াজ মজুমদার, মুস্তাফা খালিদ পলাশ, আবদুস সালাম, জয়া শাহরিন হক, জাবেদ জলিল, রুহুল করিম রুমি, শান্তনা শাহরিন ও মনিরুল ইসলাম।

আরও আছেন শর্বরী রায় চৌধুরী, মাহমুদুল হেলাল, কুহু, বীরেন সোম, তরুণ ঘোষ, ফারেহা জেবা, দিলারা বেগম জলি, শিশির ভট্টাচার্য, মোহাম্মদ ইকবাল, গুলশান হোসেন, মো. রজওয়ানুর রহমান, আইভি জামান, গোলাম ফারুক বেবুল, তৌফিকুর রহমান, নাসিমা খানম কুইনি, নাজমা আখতার, নাসিমা হক মিতু ও নাগরবাসী বর্মন।

সাইদুল হক জুইস, মোস্তাক আহমেদ, শামীনা শারমিন, আতি ইসলাম অ্যানি, দুলাল চন্দ্র গাইন, বিপাশা হায়াত, নিহার সিংহ, রনি আহমেদ, এ এস এম জামীল আকবর শামীম, এ এইচ ধালি তমাল, মাহবুব হাসান খান, সৈয়দ জাহিদ ইকবাল, মিন্টু দে, এম এম মাইজুদ্দিন, ফারজানা রহমান ববি, মোহাম্মদ ইমাম হোসেন, সিলভিয়া নাজনীন, আব্দুস সাত্তার তৌফিক, কামালউদ্দিন, ফারজানা আহমেদ উর্মি, সুমন ওয়াহেদ, রহিমা আফরোজ শাহ, মো. দিদারুল আলম, শিমু রায়, সৈয়দ হাসান মাহমুদ ও মাসুদ কবীরও আছেন অংশগ্রহণকারী শিল্পীদের তালিকায়।