১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জাহাজের সারেং আদর আজাদের ‘প্রেমে’ অর্চিতা স্পর্শিয়া

নদী, মালবাহী জাহাজ এবং প্রেম-বিরহের গল্প নিয়ে এগিয়েছে ওয়েব ফিল্ম ‘এখানে নোঙ্গর’।

জাহাজের সারেং আদর আজাদের ‘প্রেমে’ অর্চিতা স্পর্শিয়া

জাহাজের সারেং আদর আজাদের প্রেমে অর্চিতা স্পর্শিয়া

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2023, 06:11 PM

Updated : 22 Jan 2023, 06:11 PM

যে জাহাজ তীরে ভিড়তে নোঙ্গর ফেলে বছরে মাত্র চারবার, সেই জাহাজের সারেংয়ে প্রেমে পড়ে এক তরুণী; প্রেম-বিরহের এমন গল্প নিয়ে ওটিটিতে আসছে ওয়েব ফিল্ম ‘এখানে নোঙ্গর’।

সিনেমার সারেংয়ের চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক আদর আজাদ, তার চরিত্রের নাম ‘আলতামস’; আর তার প্রেমিকা হয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

রাজিবুল ইসলাম রাজিবের রচনায় ওয়েব ফিল্মের চিত্রনাট্য ও পরিচালনা করছেন মেহেদী রনি।

‘তারকাবহুল’ এই সিনেমায় আরও অভিনয় করেছেন- মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইকবাল, হানিফ পালোয়ান।

‘এখানে নোঙ্গর’ দিয়েই প্রথমবারের মত ওয়েব ফিল্মে দেখা যাবে আদর আজাদকে।  নতুন কাজ নিয়ে তিনি বলেন, “এর গল্পটা দারুণ। গতানুগতিক নয়। আলতামাস বছরে চার বার তার বালুর জাহাজ কাউখালিতে নোঙর করে। এই নোঙর ঘিরেই এগিয়ে যায় গল্প।

Image

আদর আজাদ ও অর্চিতা স্পর্শিয়া

“এটা মূলত রোমান্টিক এবং ট্রাজেডি জনরার গল্প। সাধারণত ওয়েব ফিল্ম মানেই ডার্ক, থ্রিলার, ক্রাইমের গল্প দেখা যায়। তবে এটি তার বিপরীত। দর্শকদের ভালো লাগার মত একটি গল্প। আশা করছি, দর্শক ভিন্ন স্বাদের একটি কাজ উপহার পাবে।”

স্পর্শিয়া বলেন, “এখানে নোঙ্গর’ এর গল্প এ সময়ের অন্যান্য সিনেমা থেকে অনেকটা আলাদা। চরিত্রেও আছে চেনাজানা মানুষের ছায়া। এর ঘটনাবহুল কাহিনী দর্শককে আমাদের চলমান জীবনধারা নিয়ে কিছুটা হলেও ভাবাবে।”


নির্মাতা রনির ভাষ্য, “গল্পটি মূলত নদী, মালবাহী জাহাজ এবং এর সঙ্গে যুক্ত কিছু চরিত্র নিয়ে। চেনাজানা গল্পের ছক থেকে বেরিয়ে একদম গ্রাম বাংলার দর্শকদের জন্য এই সিনেমাটি করেছি।”

Image

আদর আজাদ

শিল্পীদের কাজের প্রশাংসা করে রনি বলেন, “যারা অভিনয় করছেন, সবাই অনেক পরিশ্রম করছেন। বিশেষ করে আদরের বেশ কিছু দৃশ্য ছিল নদীতে সাঁতার কাটা, বৃষ্টিতে ভেজা, প্রচণ্ড শীতের মধ্যে তাকে এই দৃশ্যগুলো করতে হচ্ছে। আশা করছি, কাজটি সবার পছন্দ হবে।”

নির্মাতা জানান, গত ১৫ জানুয়ারি থেকে ঢাকার আমিনবাজার ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ওয়েব ফিল্মের শুটিং সেরেছেন তিনি। এখন বরিশালে শুটিংয়ের প্রস্তুতি চলছে। এ সপ্তাহেই সিনেমার বাকি কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ওয়েব ফিল্মটি আরটিভি প্লাস অ্যাপে মুক্তি দেওয়া হবে।