রেফারিকে লাল কার্ড দেখালেন সিয়াম
‘দামাল’ মুক্তি পাবে ২৮ অক্টোবর
রেফারির হলুদ কার্ডের পাল্টায় লাল কার্ড দেখিয়ে রেফারিকে ধাওয়া দিয়ে মাঠ ছাড়া করলেন ফুটবলার সিয়াম।
রায়হান রাফী পরিচালিত মুক্তিপ্রতীক্ষিত ‘দামাল’ সিনেমার দ্বিতীয় গানে এমনটাই দেখা গেল।
ইউটিউবে শুক্রবার মুক্তি পাওয়া এ গানে অভিনেতা সিয়ামকে দেখা গেল ফুটবলার চরিত্রে।
‘আমি দুর্জয়, বুঝি না ডর ভয়, মাঠে নামি- চল দামালের দল…’ এমন গানের কথায় দেখা মিলল শৈশব থেকে যৌবনে সিয়ামের ফুটবলার হয়ে ওঠার গল্প। এ সিনেমায় তার চরিত্রের নামও দুর্জয়।
শনিবার গানের ২৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ফেইসবুকে আপলোড দিয়ে সিয়াম আহমেদ ক্যাপশনে লিখেছেন, “রেফারি যদি দুই নাম্বারি করে, তাহলে মাথাটা তো গরম হবেই!”
শুক্রবার প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া ও চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে একযোগে গানটি মুক্তি দেওয়া হয়।
গানটিতে কণ্ঠ দিয়েছে প্রীতম হাসান। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ আর সংগীতায়োজন করেছেন আরাফাত মহসিন নিধি।
পরিচালক রায়হান রাফির সঙ্গে অভিনেতা সিয়াম আহমেদের জুটি বেশ প্রশংসিত। এর আগে বড় পর্দায় ‘পোড়ামন ২’, ‘দহন’ এবং ওটিটিতে ‘টান’ নামের একটি সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন এ নির্মাতা ও অভিনেতা।
গান ও সিনেমা প্রসঙ্গে সিয়াম বললেন, “স্বাধীনতা অর্জনে স্বাধীন বাংলা ফুটবলের অসামান্য ভূমিকা ছিল। সেই অজানা গল্পটাই এবার তুলে ধরা হয়েছে। দামালের ট্রেলার ও প্রথম গান দর্শকের ভালো লেগেছে।
“এবার এল দ্বিতীয় গান। এ গানটিও ছবিটিতে কী থাকছে, তার একটা বার্তা দিয়েছে। আশা করি, দর্শকরা ছবিটি দেখে পুরো বিনোদিত হবেন এবং তৃপ্তি নিয়ে হল থেকে বের হবেন।”
মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প ‘দামাল’ এ থাকছে জানিয়ে নির্মাতা রায়হান রাফী বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “এতে দেখা যাবে, ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করা হয়। যেটি ইতিহাসের অংশ।
“ঘটনাটি অনেকের কাছে অজানা। সেই অজানা সত্য ঘটনাই উঠে আসবে এ সিনেমায়।”
এর আগে গত ২৬ সেপ্টেম্বর মুক্তি পায় দামাল সিনেমার প্রথম গান ‘ঘুরঘুর পোকা’। এতে দেখা যায় বিয়ের আসরে কবুল বলেই বর শরিফুল রাজ দৌড়ে হাজির হন ফুটবল মাঠে। রাতে ঘরে ফিরলে কনে বিদ্যা সিনহা মিম ঘরের দরজা না খুলে বলেন, “তুমি ফুটবল নিয়েই থাক।”
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটির মূল গল্প ফরিদুর রেজা সাগরের। রাফির সঙ্গে চিত্রনাট্য সাজিয়েছেন নাজিম উদ দৌলা।
সংশ্লিষ্টরা আগেই জানিয়েছেন, দামাল মুক্তি পাচ্ছে ২৮ নভেম্বর।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, ইন্তেখাব দিনার, সুমিত সেনগুপ্ত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি।
