০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

জয়ার কাছে ‘গেরিলা’ আপন এক অনুভূতি

মুক্তিযুদ্ধের পটভূমির সিনেমা ‘গেরিলা’র মূল চরিত্রে অভিনয় করা জয়া আহসানের উপলব্ধি, কিছু কিছু অভিনয় থাকে, যার প্রভাব রয়ে যায় জীবনভর, যা কেবলই ‘ভালোলাগার’ এবং ‘উজ্জ্বল স্মৃতির। ‘গেরিলা’র যুগপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে সিনেমা নিয়ে নিজের আবেগের কথা তুলে ধরেছেন ‘বিলকিস’ চরিত্রটি করা এ অভিনেত্রী। লেখার সঙ্গে সিনেমার শুটিং এবং নিজের কিছু ছবিও শেয়ার করেছেন জয়া।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2023, 04:04 PM

Updated : 16 Apr 2023, 04:04 PM

Image

লেখক সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পর্দায় আনেন ‘গেরিলা’। সিনেমাটি মুক্তি পায় ২০১১ সালের পহেলা বৈশাখে। জয়া জানিয়েছেন, এ সিনেমা প্রয়াত লেখক সৈয়দ শামসুল হক ও নাসির উদ্দিন ইউসুফের প্রতি তার কৃতজ্ঞতা জানানোর একটি উপলক্ষ। এছাড়া নাসির উদ্দিন ইউসুফের প্রতি ‘ভালোবাসা’ জানিয়ে জয়া বলেছেন ‘গেরিলা’ তার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তাকে টেলিভিশন ছেড়ে চলচ্চিত্রে যাত্রা শুরুর সাহসও যুগিয়েছে।

Image

জয়া লিখেছেন, “কে যে আজ এই লেখা লিখছে, জয়া না বিলকিস জানি না, তবে এটুকু নিশ্চিত করে বলতে পারি, এই দুই সত্তার মাঝে দেশ নামক ভাবনাখানি মিলেমিশে এক মুগ্ধবোধ হয়ে আছে…।“

Image

জয়া মনে করেন, মুক্তিযুদ্ধে অসংখ্য মেয়ের ‘সাহসী’ অবদানের গল্প উঠে এসেছে ‘বিলকিস’ চরিত্রে। এই চরিত্রটি তার কাছে ‘রক্তমাংসের’। জয়ার ভাষ্য, “বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আজ আমার দেশে স্বাধীনতার আলো হয়ে প্রতি বাঙালির মনে জ্বলছে। সেই মুক্তিযুদ্ধের এমন বাঙ্ময় পরিবেশনা, সত্যি আজও শিহরিত হই।“

Image

এক যুগ আগে মুক্তি পাওয়া সিনেমাটির স্মৃতি কীভাবে এখনও জয়ার সঙ্গে রয়ে গেছেন তা বলেছেন এই অভিনেত্রী। তার কথায়, “এই চলচ্চিত্রের অংশ হতে পারা আজ ১২ বছর পরও আমার জন্য বড় আপন এক অনুভূতি। ১২ বছরে সময় অনেক বদলেছে, ১২ বছরে প্রযুক্তির ঘোড়া দৌড়ে এগিয়ে গেছে অনেকটা পথ, কিন্তু অনুভূতির বিন্দু বিন্দু জুড়ে গেরিলা ছবির স্মৃতিগুলো আজও জীবন সমার্থক, এই অনুভূতির কোনো পরিবর্তন নেই।“