২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্যানসেল কালচার’ নিয়ে প্রশ্নে ডেনজেল ওয়াশিংটন বললেন, কী আসে যায়?

“কে কাকে ফলো করছে তা নিয়ে আমি মাথা ঘামাই না। আপনি ফলোও করবেন আবার নেতাও হয়ে উঠবেন, এটা হয় না।”

‘ক্যানসেল কালচার’ নিয়ে প্রশ্নে ডেনজেল ওয়াশিংটন বললেন, কী আসে যায়?
এ বছরের কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক পাম দ্য'র হাতে ডেনজেল। ছবি: রয়টার্স

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2025, 01:05 AM

Updated : 26 Aug 2026, 01:36 PM

অস্কারজয়ী হলিউড তারকা ডেনজেল ওয়াশিংটন বললেন, তিনি ‘ক্যানসেল কালচার’কে থোরাই কেয়ার করেন!

সম্প্রতি পিপল ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদন উঠে এসেছে ওয়াশিংটনের এ অবস্থান। শোবিজ বিষয়ক সাইট কমপ্লেক্স-এ সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন দুবার অস্কার জয়ী এ অভিনেতা। সেখানেই প্রশ্ন ছিল, তিনি কখনো ভেবেছেন কি না ‘ক্যানসেল’ হওয়ার কথা।

 উত্তরে তিনি বলেন, “ক্যানসেল হওয়া মানে কী? জনসমর্থন হারানো? তাতে কী আসে যায়! মানে, জনসমর্থন এত জরুরি কেন?”

‘ক্যানসেল কালচার’ বলতে শোবিজ জগতে কোনো ঘটনায় একইসঙ্গে জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতায় ধস নামাকে বোঝানো হয়।

ওয়াশিংটনের নতুন সিনেমা 'হাইয়েস্ট ২ লোয়েস্ট'-এর প্রচারণার মধ্যে এ আলাপে অভিনেতার পাশেই ছিলেন তার দীর্ঘদিনের পরিচালক বন্ধু স্পাইক লি। ওয়াশিংটনের নতুন এই সিনেমারও পরিচালক লি।

সাক্ষাৎকারগ্রাহক জিলিয়ান হার্ডম্যান-ওয়েব যখন বলেন, এখন তো বলা চলে ফলোয়ারই সব’, তখনও নির্লিপ্ত ভঙ্গিতে ওয়াশিংটন সাফ বলে দিলেন, “কে কাকে ফলো করছে তা নিয়ে আমি মাথা ঘামাই না। আপনি ফলোও করবেন আবার নেতাও হয়ে উঠবেন, এটা হয় না।

“আমি কাউকে ফলো করি না, আমি ঈশ্বরকে অনুসরণ করি। মানুষের ওপর আমার আশা আছে, কিন্তু চারপাশে তাকিয়ে দেখুন। খুব একটা কিন্তু ভালো চলছে না।”

ওয়াশিংটনের ভাষায়, “আপনি নাকে খত না দিলে তো ক্যানসেল হওয়ার প্রশ্নই ওঠে না। আমি কারো কাছে নাকে খত দেইনি।”

প্রসঙ্গত, হলিউডে সবচেয়ে সফল অভিনয় শিল্পীদের মধ্যে যে কয়জন ব্যক্তি জীবনে অসম্ভব ধার্মিক, ডেনজেল ওয়াশিংটন তাদের অন্যতম।

সাক্ষাৎকার চলাকালেই সহাস্যে তিনি বলেন, “আমাকে বেশি টেনশনে ফেলবেন না তো! বুকে একদম চাপ ধরে আসছে।” 

স্পাইক লিও একমত হয়ে যোগ করেন, “আমারও আসলে কিছু যায় আসে না।”

এর আগেও ওয়াশিংটন নানা সময়ই দেখিয়েছেন, জনমতের প্রভাব তাকে খুব কমই টলাতে পারে। জেকস টেকস নামের এক ইউটিউব চ্যানেলকে তিনি বলেছেন, অস্কার জেতা নিয়েও তিনি একেবারেই মাথা ঘামান না।

“আমি অস্কারের জন্য অভিনয় করি না, পুরস্কার নিয়ে মাথা ঘামাই না। দীর্ঘদিন ধরেই তো এই রুপালি জগতে আছি। অনেক সময় জিতেছি, কিন্তু জেতার কথা ছিল না। আবার জেতা উচিত ছিল অথচ জিতিনি।

“মানুষ পুরস্কার দেয়। কিন্তু আসল পুরস্কার ঈশ্বরই দেন। আমার কাছে সেটাই বড়।”

এখন পর্যন্ত ১০ বার অস্কারের মনোনয়ন পাওয়া ডেনজেল ওয়াশিংটন জিতেছেন দুইবার। কিন্তু তার মতে, এই পুরস্কার জীবনের শেষ দিনে কোনো কাজে আসবে না।

কৌতুক করে তিনি বলেন, “অনেকে আমাকে জিজ্ঞেস করে, আমার অস্কার ট্রফিগুলো আমি কোথায় রাখি। আমি উত্তর দেই, একটা আরেকটার পাশে।”