৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

নারী নেতৃত্বের অদৃশ্য বাধার গল্প ‘বিহান’

অক্সফাম ইন বাংলাদেশের ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে শুক্রবার রাত ৮টায় ‘বিহান’ মুক্তি পাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2026, 08:35 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

নারীর নেতৃত্বের পথে সামাজিক দৃষ্টিভঙ্গি, কর্মক্ষেত্রের বাস্তবতা ও পরিবারের চাপ কীভাবে অদৃশ্য বাধা তৈরি করে সে গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিহান’।

অক্সফাম ইন বাংলাদেশের ‘রাইজ অ্যান্ড লিড’ উদ্যোগের ভাবনা থেকে নির্মিত চলচ্চিত্রটিতে দুই কর্মজীবী নারীর সংগ্রাম, বাস্তবতা ও আত্মআবিষ্কারের গল্প তুলে ধরা হয়েছে।

শুক্রবার রাত ৮টায় অক্সফাম ইন বাংলাদেশের ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ‘বিহান’ মুক্তি পাবে বলে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। 

চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল ও নিশাত প্রিয়ম। পরিচালনা করেছেন হেমন্ত সাদীক।

সংশ্লিষ্টরা বলেন, ‘বিহান’-এর গল্প এগিয়েছে শিউলি ও রাখি নামে দুই কর্মজীবী নারীকে ঘিরে। পেশাগত জীবনে নানা চাপ, সামাজিক প্রত্যাশা, কর্মক্ষেত্রের পরিবেশ এবং নিজের সক্ষমতা নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব কীভাবে তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে তা দেখানো হয়েছে গল্পে।

পরিচালক হেমন্ত সাদীক বলেন, “একজন নারী যখন নিজের কণ্ঠ ও শক্তিকে নতুন করে চিনতে শুরু করে, তখন সামাজিক ও প্রতিষ্ঠানিক পরিবর্তনের কী সম্ভাবনা তৈরি হয়, সেই বার্তা দেওয়া হয়েছে এ চলচ্চিত্রে। 

“আমরা নাটকীয় কোনো বক্তৃতা বা অসাধারণ ঘটনার মাধ্যমে হঠাৎ নারীর ক্ষমতায়ন দেখাতে চাইনি। বিহান এর সংগ্রামগুলো খুবই সাধারণ ও বাস্তবমুখী। কারণ, অনেক সময় নিজের সক্ষমতাকে চিনতে পারার মধ্য দিয়েই নেতৃত্বের সূচনা হয়।”

সিনেমাটি নিয়ে অভিনেত্রী নিশাত প্রিয়ম বলেন, “গল্পের চরিত্রদের আমাদের খুব পরিচিত মনে হবে। তারা দক্ষ ও দায়িত্বশীল, তবু প্রতিনিয়ত নানা প্রত্যাশার সঙ্গে তাদের লড়তে হয়। বিহান এমন এক মুহূর্তের গল্প, যখন একজন নারী নিজের ভেতরের শক্তিকে নতুন করে চিনতে শেখেন।”

নারীর নেতৃত্ব বিকশিত করতে অক্সফাম ইন বাংলাদেশের ‘রাইজ অ্যান্ড লিড’ কার্যক্রমের অংশ হিসেবে চলচ্চিত্রটি তৈরি হয়েছে।  সংস্থাটির প্রোগ্রাম ডিরেক্টর মাহমুদা সুলতানা বলেন, “নারীদের শুধু আরো আত্মবিশ্বাসী হতে বললেই নেতৃত্ব নিশ্চিত হবে না। প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও পরিবারকেও বদলাতে হবে।

“আমাদের এমন এক ব্যবস্থা দরকার, যা নারীর সক্ষমতাকে স্বীকৃতি দেয়, যত্নের দায়িত্ব ন্যায্যভাবে ভাগ করে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছেড়ে দিতে প্রস্তুত থাকে।”

 ‘বিহান’ এর চিত্রনাট্য লিখেছেন শাওন কড়ি। সাহিল রনি ও হৃদয় সরকারের চিত্রগ্রহণে এতে আরো অভিনয় করেছেন বাপ্পী আশরাফ, নাজমুল হাসান, আদনান চৌধুরী, প্রিয়ন্ময়ী প্রিয় ও সায়ান রহমান।