Published : 26 Mar 2026, 03:19 PM
স্বাধীনতা দিবস ও নাট্য দিবস ঘিরে শিল্পকলায় আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। দুইদিন ব্যাপী এই আয়োজনে থাকছে আবৃত্তি, একক সংগীত, নৃত্যানুষ্ঠান, নাটক ও পাপেট শো।
বিজ্ঞপ্তিতে শিল্পকলা জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালায় শুরু হবে ‘আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। শুরুতে প্রদর্শিত হবে তথ্যচিত্র ‘দ্য পিপলস প্রেসিডেন্ট’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিশেষ অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সভাপতিত্ব করবেন সংস্কৃতিসচিব মো. মফিদুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।
এই পর্বের শুরুতে সমবেত সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা।
একক সংগীত পরিবেশনায় আছেন, খুরশীদ আলম, আলম আরা মিনু, ফেরদৌস আরা, মনির খান, দেবলীনা সুর, নাসির, রিজিয়া পারভীন, সাদমান পাপ্পু, ইথুন বাবু, মৌসুমী, পলাশ সাজ্জাদ, পরাণ হাসান ও আকলিমা মুক্তা।
ফারহানা চৌধুরী বেবীর পরিচালনায় নৃত্য পরিবেশন করবে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের শিল্পীরা। অন্তর দেওয়ানের পরিচালনায় দেখা যাবে নৃত্য ‘কালারস অব হিল’।
অনুষ্ঠানে আবৃত্তি করবেন আবৃত্তিশিল্পী টিটো মুনসী।
শুক্রবার নাট্য দিবস ঘিরে শিল্পকলা একাডেমি, ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট, বাংলাদেশ গ্রুপ থিয়েটারের আয়োজনে বিকেল ৫ টা থেকে শুরু হবে নানা আয়োজন। এর মধ্যে থাকছে আনন্দ শোভাযাত্রা, প্রীতি সম্মিলনী, আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা। এই আয়োজন চলবে রাত ৮ টা পর্যন্ত।

একই দিন শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে থাকছে নাট্যদল বটতলার আয়োজন। সন্ধ্যা সাড়ে ৬টায় বেহালা বাদন দিয়ে শুরু হবে তাদের পরিবেশনা।
বেহালায় দেশাত্মবোধক গান পরিবেশন করবে সুর নিবেদন সংগীত একাডেমি, শিশুশিল্পী মুনত্বাহা কামরান দৃবেলা ও কাজী সোহানা ইসলাম ছোঁয়া।
এরপর পাপেট শো পরিবেশন করবে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার। পাপেট শোতে দেখানো হবে বটতলার শিশু বিভাগের শিল্পীদের অভিনীত দুইটি নাটক ‘ফাংসাং’ এবং ‘গালিভারস ট্রাভেলস’।
‘ফাংসাং’ ছোটদের একটি রূপকথার গল্প। এটি রচনা করেছেন সাদিকা রুমন। এতে প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব, কল্পনা এবং জাদুর পাখির গল্প দিয়ে এক অদ্ভুত ও আনন্দদায়ক জগতের রূপরেখা তুলে ধরে।
শাম্মী আক্তারের নাট্যরূপে ‘গালিভারস ট্রাভেলস’ নাটকের গল্পে দেখা যাবে, ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে গল্পের বই ধার নিয়েছে শিশুরা।
‘গালিভারস ট্রাভেলস’ আর ‘সুলতানার স্বপ্ন’ পড়ে তাদেরও অ্যাডভেঞ্চারের স্বপ্ন জাগে। সেই স্বপ্নযাত্রারই গল্প সাজিয়েছে কিশোর বাহিনী, তাদের দলে গালিভার নাম ধারণ করে তিন বন্ধু। এরপর শুরু হয় আনন্দসফর।

একই দিন সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের বিশেষ মঞ্চায়ন।
বাদল সরকারের মূল রচনা অবলম্বনে ত্রিংশ শতাব্দীর নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ত্রিংশ শতাব্দীর মূল কাহিনী। পৃথিবীর ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতির সমান্তরালে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান-ভারত সংঘাত, ইরাকে আগ্রাসন, কুয়েত, তিউনিসিয়া, ইয়েমেন, সিরিয়া, তুরস্ক, মিয়ানমারে বর্বর হামলা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধের নেতিবাচকতা, বাংলাদেশের সাম্প্রতিক অমানবিক ঘটনাবলিসহ নানা বিষয়।
এ বছর শিল্প-সংস্কৃতিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ‘মেডাল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া’ (ওএএম) পেয়েছেন রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্নের নাট্যজন কামরুজ্জামান বালার্ক। নাট্য প্রদর্শনী শেষে স্বপ্নদলের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হবে তাকে।