Published : 12 Jun 2026, 01:10 PM
গান, আলাপ, এবং জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে গীতিকবি উকিল মুন্সীর ১৪১তম জন্মবার্ষিকী উদযাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
শুক্রবার কুন ক্রিয়েটিভ স্টুডিওর আয়োজনে 'বিচ্ছেদের বাজার: বিরহের ঐতিহ্য এবং সমকালীন বিচ্ছিন্নতার পুনর্পাঠ' শিরোনামের এই আয়োজন হবে।
বিকেল ৪টায় শুরু হওয়া আয়োজন চলবে রাত ১১টা পর্যন্ত। উদ্বোধনী আয়োজনের পর বিকেল ৪টা ২০ মিনিটে সেখানে দেখানো হবে উকিল মুন্সীর জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’।
এই চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন গবেষক ও চলচ্চিত্র নির্মাতা অনার্য মুর্শিদ।
বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত চলবে বিরহের ঐতিহ্য ও সমকালীন বিচ্ছিন্নতা নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান 'আলাপ'।
আলোচনা শেষে সন্ধ্যা ৭টায় উকিল মুন্সীর একটি প্রতিকৃতিও উন্মোচন করা হবে।
এরপরই শুরু হবে ‘বাউল গানের আসর’। যা চলবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত। উকিল মুন্সীর জনপ্রিয় কিছু গান শোনা যাবে এই আয়োজনে।
নেত্রকোণার বেতাই নদীর পাড়ের উকিল মুন্সী একাধারে মসজিদের ইমামতি করেছেন পাশাপাশি বহু গান রচনাকে বাংলা লোকসঙ্গীতকে করেছেন সমৃদ্ধ।
সেগুলোর মধ্যে 'ওরে বাটাতে সাজাইয়া রাখছি সোনামুখি পান', 'নবীজির খাশ মহলে', 'হায়রে লুকাইয়া কয়দিন রই', 'বন্ধু বিফলে গেল নব যৌবন', 'সোনা বন্ধুয়া রে এত দুঃখ দিলে তুই আমারে', 'আষাঢ় মাইস্যা ভাসা পানি রে', 'আমার গায়ে যত দুঃখ সয়' এর মত কিছু গান পরবর্তীতে অন্যান্য শিল্পীরা গেয়েছেন।