'ক্ষ্যাপাটে'র নতুন নাটক ‘দ্য ককেশিয়ান চক সার্কেল’
‘দ্য ককেশিয়ান চক সার্কেল’ নাটকে কোনো পর্দা, কৃত্রিম আলো কিংবা আলাদা 'স্টেজ' রাখা হয়নি।
নাট্যদল ‘ক্ষ্যাপাটে’ মঞ্চে নিয়ে আসছে তাদের নতুন প্রযোজনা নাটক ‘দ্য ককেশিয়ান চক সার্কেল’।
জার্মান নাট্যকার ব্রেখটের ‘এপিক থিয়েটার’ এবং ভারতীয় নাট্যকার বাদল সরকারের ‘থার্ড থিয়েটার’ এই দুই নাট্যদর্শনের মেলবন্ধনে নতুন রূপ দেওয়া হয়েছে এই নাটকটিতে।
যুদ্ধের ভয়াবহতা ও চারপাশের চরম নৈরাজ্যের মাঝে রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও এক অবুঝ শিশুকে বাঁচাতে সোমা নামের এক তরুণীর আত্মসংকট ও অবোধ্য মানবিক লড়াইকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকটির গল্প।
নাটকটির নির্দেশনা ভাবনা নিয়ে বিজ্ঞপ্তিতে নাট্যদলটি জানিয়েছে, ব্রেখট চেয়েছিলেন দর্শক দূর থেকে কেবল আবেগপ্রবণ না হয়ে ঘটনার রাজনৈতিক বিচার করুক এবং প্রশ্ন তুলুক।
অন্যদিকে বাদল সরকার চেয়েছিলেন মঞ্চ ও দর্শকের মাঝের কৃত্রিম বৈষম্য উপড়ে ফেলতে। তাই প্রথাগত মঞ্চের পর্দা, কৃত্রিম আলো বা আলাদা স্টেজ তুলে দিয়ে সোমার পলায়ন আর বিচারক আজদাকের অদ্ভুত বিচারালয় বসানো হয়েছে একদম দর্শকদের মাঝখানে। ফলে দর্শক আর শুধুমাত্র বিনোদন খোঁজা পর্যবেক্ষক নন, নাটকেরই সরাসরি অংশ হয়ে উঠবেন।
নতুন এ প্রযোজনায় বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাইদুর রহমান চৌধুরী, আদম শফিউল্লাহ মিজভী, ঈমন কুমার দেবনাথ, সৌরভ দাশ, ভাস্কর রায়, জ্যোতির্ময়, অনুভূ বিশ্বাস, অরুন্ধতি চন্দ, মাউহিদা হক ইরিশা এবং কাশফিয়া তুজ জাহান।
নেপথ্যে আবহ পরিকল্পনা ও প্রক্ষেপণে রয়েছেন প্রিয়া দেব, আলোক পরিকল্পনায় ফাইয়ায রাকিন নূর এবং পোশাক পরিকল্পনায় প্রিয়া দেব ও অরুন্ধতি চন্দ। প্রযোজনা ব্যবস্থাপনায় আছেন মাসুম আলী।
নাটকটি দেখা যাবে আগামী ১৬ অগাস্ট চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি হলে। সন্ধ্যা সাড়ে ৬ টা ও রাত ৮ টায় নাটকটির দুইটি প্রদর্শনী রয়েছে।
২০২২ সালের ১৫ জানুয়ারি প্রাতিষ্ঠানিক নাট্যশিক্ষায় শিক্ষিত ছয় তরুণ নাট্যশিল্পীর হাত ধরে 'ক্ষ্যাপাটে'র যাত্রা শুরু হয়।
এ পর্যন্ত দলটি ‘ঋণাত্মক কিংবা অর্থহীন’, ‘জ্ঞানী? বর্বর?’, ‘উইশ’, ‘আপনাকে দিয়ে কিছু হবে না’, ‘আর তারপর ঘুম’, ‘কোথায় পাবো তারে’, ‘ইতিবৃত্তে কোকিলা কাহন’, ‘ডেথ নকস’, ‘দ্য চেয়ার্স’, ‘পুতুলের বিয়ে’, ‘ভাষা অথবা প্রেমের রাজনৈতিক বিপর্যয়’ এবং ডিভাইসড থিয়েটার 'এট এ লস ফর ওয়ার্ডস'সহ ১২টি নিরীক্ষাধর্মী নাটক করেছে।
