২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ছয় বছরের অপেক্ষার অবসান, ঈদে আসছে 'মাসুদ রানা'

ট্রেইলারের বেশিরভাগ দৃশ্যই তৈরি হয়েছে এআই দিয়ে।

ছয় বছরের অপেক্ষার অবসান, ঈদে আসছে 'মাসুদ রানা'
'মাসুদ রানা' সিনেমার সংবাদ সম্মেলনে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2026, 06:58 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

কোভিড মহামারি, অনুমতি জটিলতা এবং নানা প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে পর্দায় আসছে জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা ও স্পাই চরিত্র 'মাসুদ রানা' অবলম্বনে নির্মিত সিনেমা।      

কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'মাসুদ রানা'। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিনেমার মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা সৈকত নাসির; এ সময় তার সঙ্গে ছিলেন অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও ইমপ্রেস টেলিফিল্ম। প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা থেকে মুক্তি পর্যন্ত সময় লেগেছে প্রায় ছয় বছর।  

দীর্ঘ এই যাত্রার কথা জানিয়ে প্রযোজক আব্দুল আজিজ বলেন, "সিনেমাটি নিয়ে আমরা পদে পদে বাধাগ্রস্ত হয়েছি। সিনেমা ঘোষণার পরপরই আসে কোভিড মহামারী। এটি যেহেতু গোয়েন্দা গল্প, বিভিন্ন জায়গায় অনুমতি নেওয়ার একটা বিষয় ছিল, যা পেতে দীর্ঘ সময় লেগে গেছে। চলতি বছরে এসে সব অনুমতি মিলেছে। তাই নির্মাণ থেকে মুক্তি পর্যন্ত প্রায় ছয় বছর লেগে গেল।"

প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় 'মাসুদ রানা' সিরিজ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি উৎসর্গ করা হয়েছে লেখককেই।  

কাজী আনোয়ার হোসেনের কাছ থেকে সিনেমাটি নির্মাণের অনুমতি নিতে যাওয়ার গল্প তুলে ধরে আব্দুল আজিজ বলেন, "কাজী আনোয়ার হোসেন স্যারের সঙ্গে এগ্রিমেন্ট ছিল যে ওনার বই থেকে গল্পটা করতে পারব। তারপরে আমি গল্পটা লিখে ওনাকে দেখাতে যাই। উনি ইমপ্রেসড হয়ে আমাকে বললেন, 'তুমি তো মাসুদ রানার গল্প লিখতে বলতে পারো, এর চেয়ে ভালো গল্প আর হতে পারে না।' 

“উনার সেই প্রশংসা ধরেই সিনেমাটি করেছি। সেন্সর সার্টিফিকেশন বোর্ড সিনেমাটি দেখে অনেক প্রশংসা করছে।  ছবিটার। আশা করছি দর্শকরাও সিনেমাটি পছন্দ করবেন।"    

সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। 'মাসুদ রানা' চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার সঙ্গে রয়েছেন  আবন্তিকা রহমান ও সৈয়দা তিথি অমনি। তিনজন অভিনয়শিল্পীর জন্যই এটি প্রথম চলচ্চিত্র।

চলচ্চিত্রাঙ্গনে নতুন হিসেবে দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে রাসেল রানা বলেন, "আমি আমার সর্বোচ্চ দিয়ে সিনেমাটি করার চেষ্টা করেছি। দর্শকদের বলব, হলে এসে দেখে যান  নতুন এই ছেলেমেয়েগুলো কেমন করেছে। দর্শকরা নিরাশ হবেন না, এই প্রত্যাশা রাখছি।"

শুক্রবার প্রকাশ হয়েছে সিনেমার ট্রেইলার। এক মিনিটের এই ট্রেইলারের বেশিরভাগ দৃশ্যই তৈরি হয়েছে এআই দিয়ে।

এ আইয়ের ব্যবহার কেন প্রশ্নে নির্মাতা সৈকত নাসির বলেন, "আমি বিশ্বাস করি 'মাসুদ রানা' হচ্ছে আমাদের বাংলাদেশের জেমস বন্ড। তাই জেমস বন্ডকে স্ক্রিনে আনার জন্য টেকনোলজিক্যালি ব্যবহার করে যেভাবে করা যায় সে চেষ্টা আমি করছি এখানে।" 

তিনি আরও বলেন, "যে গল্পটা আমাকে দেওয়া হয়েছে, অর্থাৎ মাসুদ রানা আমরা যেটা করতেছি সেটা কাজী আনোয়ার হোসেন স্যারের শুরুর দিকের একটা গল্প। মাসুদ রানা কীভাবে বিসিআই-তে জয়েন করল, সেই পার্টটা নিয়ে আমরা কাজ করছি এই সিনেমাতে। সে ক্ষেত্রে হচ্ছে আমার খুব চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয় নাই, কারণ আমাকে বইয়ের লেখা অনুযায়ী ফলো করতে হয়নি। আমি আমার কল্পনা, স্ক্রিপ্ট অনুযায়ী আমার কল্পনাকে একটা ব্লেন্ড করছি টেকনোলজি দিয়ে।"  

সিনেমায় 'তোমার নামে লিখে দিব পুরো বাংলাদেশ' নামের একটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতসশিল্পী রাকা প্রপি ও ইমরান মাহমুদুল।

২০২০ সালে সিনেমাটি নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।