বর্ষপূর্তিতে মাছরাঙা দেখাবে ‘৯ ডিসেম্বর সন্ধ্যায়’
মাছরাঙার পর্দায় রাত সাড়ে দশটায় প্রচার হবে বিশেষ নাটক ‘৯ ডিসেম্বর সন্ধ্যায়’।
প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘৯ ডিসেম্বর সন্ধ্যায়’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানিয়েছে, ২০১১ সালের ৩০ জুলাই পূর্ণাঙ্গ সম্প্রচারে আসে এই টেলিভিশন স্টেশনটি। এরপর থেকে নানা ধরনের অনুষ্ঠান, নাটক, সিনেমা ও সংবাদ সম্প্রচার করে আসছে।
সোমবার অন্যান্য আয়োজনের সঙ্গে রাত সাড়ে ১০টায় মধ্যে প্রচার হবে বিশেষ নাটক ‘৯ ডিসেম্বর সন্ধ্যায়’।
মিনাল হাবিবি অর্থি ও সিয়াম খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তিহান খান।
মূল দুই চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদিয়া আয়মান।
নাটকের গল্পে দেখা যাবে, আসিফ একটা পত্রিকায় চাকরি করে। ফাতিমার সঙ্গে প্রেম তার। আসিফের জন্মদিনে ঘুম ভাঙে ফাতিমার ফোনে। বিকেলে তারা যখন দেখা করে, তখন ফাতিমা আসিফকে একটি পুরনো অচল ঘড়ি উপহার দেয়।
পরে সেটি মেরামতও করে আসিফ। এরপর ওই ঘড়িকে ঘিরে আগাতে থাকে নাটকেরে রহস্যময় গল্প।
