২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমতল ও পাহাড়ি জাতিগোষ্ঠীর ‘সম্প্রীতি সমারোহ’ রাজশাহীতে

আয়োজনে থাকবে রাজোয়াড় জাতিগোষ্ঠীর আলপনাচিত্র প্রদর্শন এবং ১৩টি জাতিগোষ্ঠীর নৃত্যগীত ও নাট্যানুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2025, 11:02 AM

Updated : 26 Aug 2026, 11:39 AM

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাটের চৈতন্যপুরে বসছে সমতল ও পাহাড়ি জাতিগোষ্ঠীর ‘সম্প্রীতি সমারোহ’। 

দুইদিনের এই আয়োজনে থাকবে রাজোয়াড় জাতিগোষ্ঠীর আলপনাচিত্র প্রদর্শন এবং ১৩টি জাতিগোষ্ঠীর নৃত্যগীত ও নাট্যানুষ্ঠান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেলের ব্যবস্থাপনায় শনি ও রবিবার (২৫-২৬ জানুয়ারি) এই আয়োজন হবে বলে জানিয়েছে একাডেমির জনসংযোগ বিভাগ।

প্রথম দিনের আয়োজনে থাকবে পার্বত্য জেলা রাঙমাটি ও বান্দরবানের চাকমা, মারমা, ত্রিপুরা, পাংখোয়া এবং সমতলের সাঁওতাল, ওঁরাও, রাজোয়াড়, পাহাড়িয়া, মুন্ডা, মাহাতো, ভূমিজ, গড়াৎ, মাহালী শিল্পীদের পরিবেশনা।

আর সমাপনী দিনে থাকবে সাঁওতাল বিদ্রোহের ওিপর নির্মিত মানওয়া নাট্যদলের পরিবেশনায় নাটক ‘ডিটোম’। এছাড়া পার্বত্য জেলা রাঙ্গামাটি ও বান্দরবানের শিল্পীদল এবং স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীবৃন্দের পরিবেশনাও থাকবে।

শনিবার বিকাল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। বিশেষ অতিথি থাকবেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম, অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাজকুমার শাও এবং জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহীর সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়। 

সভাপতিত্ব করবেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক এস এম শামীম আকতার।

রোববার বিকাল ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। সভাপতিত্ব করবেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত। 

বিশেষ অতিথি থাকবেন ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং, দিগরী রাজা পরিষদের প্রধান উপদেষ্টা চিত্তরঞ্জন সরদার, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক গণেশ মারান্ডী, গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের প্রাক্তন ভাইস চেয়ারম্যান কস্তানতিনা হাসদা এবং পাহাড়ীয়া সম্প্রদায়ের বাইশি উপদেষ্টা আন্দ্রিয়াস বিশ্বাস। স্বাগত বক্তব্য প্রদান করবেন শিল্পকলা একাডেমির উপপরিচালক এস এম শামীম আকতার।