১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আম্বানিপুত্রের বিয়ের অনুষ্ঠান চলবে তিন দিন ধরে, এসেছে কার্ড

শহরের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের (বিকেসি) জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে হিন্দু রীতি মেনে সাত পাক ঘুরবেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 12:39 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

দুবাই বা জামনগর নয়, এমনকি বিদেশের মাটিও নয়, ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি তার ছোট ছেলের বিয়ে দেবেন নিজের দেশে, মুম্বাই শহরে। 

বিয়ের সম্ভাব্য তারিখ ১২ জুলাই আগেই ঘোষণা করা হয়েছিল। এখন ভারতীয় সংবাদমাধ্যম বলছে, তারিখটি ঠিক রেখে বিয়ের অন্যান্য অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছে আম্বানি পরিবার। 

আগামী ১২ থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান। 

প্রথম দিন ১২ জুলাই বসবে বিয়ের মূল অনুষ্ঠান। ওইদিন শহরের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের (বিকেসি) জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে হিন্দু রীতি মেনে সাত পাক ঘুরবেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। এরইমধ্যে সোশাল মিডিয়ায় এসে গেছে লাল সোনালি রঙা বিয়ের কার্ড। আর নিমন্ত্রিতরা পরবেন ভারতীয় পোশাক। 

১৩ জুলাই হবে আশীর্বাদের অনুষ্ঠান। সেদিনও ভারতীয় পোশাক পরবেন নিমন্ত্রিতরা। আর শেষদিন ১৪ জুলাই হবে বৌভাতের অনুষ্ঠান। তিনটি অনুষ্ঠানই হবে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। বলিউড তারকাদের বাইরেও বিশ্ব চলচ্চিত্র, সংগীত, প্রযুক্তি ও খেলার জগতের জনপ্রিয় তারকারা আলো ছড়াবেন অনুষ্ঠানে। 

গত মঙ্গলবার থেকে চারদিনের জন্য ইতালিতে অনন্ত ও রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। সেখানে সালমান খান, শাহরুখ খান, রাণবীর কাপুর, আলিয়া ভাট, সারা আলি খান, ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, অনন্যা পাণ্ডে, করণ জোহরের মত তারকারা উপস্থিত আছেন। পারফর্ম করছে পৃথিবী বিখ্যাত ‘ব্যাকস্ট্রিট বয়েজ’ ব্যান্ডটিও। 

এবার অনুষ্ঠান উদযাপনে আম্বানিরা সমুদ্রপথকে বেছে নিয়েছে। বিলাসবহুল প্রমোদতরীতে চড়ে অতিথিরা অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠান উপভোগ করেছেন। জাহাজে তারা পাড়ি দিয়েছেন ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণ প্রান্ত পর্যন্ত।

আম্বানি সাম্রাজ্যে বসছে তারার হাট

আম্বানিদের ছেলের বিয়েতে আড়ম্বরের'ইতিহাস

আম্বানিপুত্রের দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠান: ইতালির নৌবিহারে

প্রাক বিবাহের প্রথম অনুষ্ঠান বসেছিল গুজরাটের পশ্চিমাঞ্চলীয় শহর জামনগরে। আলাদা আলাদা থিম ধরে তিন দিনের সেই অনুষ্ঠানে অতিথি সমাগম, অনুষ্ঠানের বৈচিত্র্য, ভারতীয় ঐতিহ্যের প্রদর্শন আর খরচের বহরে রীতিমত ইতিহাস গড়েছিল আম্বানিরা।

হলিউড-বলিউডের সুপারস্টাররা তো ছিলেনই, বিশ্বের বিভিন্ন অঙ্গনের নামিদামি ব্যক্তি, প্রভাবশালী ব্যবসায়ী, সংগীত আর খোলার মাঠের দাপুটেরাও এসেছিলেন জামনগরের ওই আয়োজনে।

বলিউডি সিনেমার তিন তারকা শাহরুখ খান, আমির খান এবং সালমান খানও নেচে গেয়ে মঞ্চ মাতিয়েছিলেন।

আমন্ত্রিতদের মধ্যে আরো ছিলেন ভুটান রাজ পরিবারের সদস্যরা, বিল গেটস, ডিজনির প্রধান বব ইগার, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকন্যা ইভাঙ্কা ট্রাম্প এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ বিন আবদুলরহমান বিন জসিম আল-থানি। অনুষ্ঠানে এক হাজার অতিথির জন্য ভারতের ইন্দোরের জারদিন হোটেল থেকে আনা হয়েছিল ২১ জন পাচক-পাচিকাকে।