কমলগঞ্জের রাস উৎসবে মণিপুরি সিনেমা
‘ইনাফি’, ‘তিরাস’ ও ‘হুনাসরি’ নামের এই তিন শর্টফিল্ম একত্রিত করে তৈরি হয়েছে অ্যান্থলজি ফিল্ম ‘নুংশিপি’।
মণিপুরি সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব রাসপূর্ণিমা ঘিরে প্রদর্শিত হতে যাচ্ছে মণিপুরি সিনেমা ‘নুংশিপি’।
বুধবার মৌলভীবাজারের কমলগঞ্জে উৎসবে প্রদর্শিত হবে সিনেমাটি।
‘ইনাফি’, ‘তিরাস’ ও ‘হুনাসরি’ নামের এই তিন শর্টফিল্ম একত্রিত করে তৈরি হয়েছে অ্যান্থলজি ফিল্ম ‘নুংশিপি’।
মণিপুরি কর্মজীবী তিন নারীর পৃথক তিনটি করুণ গল্প, কিন্তু তাদের নিয়তি একই সূত্রে বাঁধা এমন গল্পে অ্যান্থলজি ফিল্ম 'নুংশিপি' এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শুভাশিস সিনহা।
নির্মাতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, গত দেড় বছরে নির্মিত এই সিনেমাগুলো আন্তর্জাতিক পরিসরে প্রদর্শিত ও পুরস্কৃত হয়েছে। দর্শকদের ব্যাপক আগ্রহ থাকলেও ফেস্টিভ্যাল নিয়মের কারণে সিনেমাগুলো কোনও প্ল্যাটফর্মে দেওয়া সম্ভব হচ্ছে না। তাই সবার সুবিধার্থে রাস উৎসবে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।
শুভাশিস সিনহা আরও বলেছেন, বুধবার সিনেমাটির প্রথম প্রদর্শনী হবে বিকাল ৫টায় এবং দ্বিতীয় প্রদর্শনী হবে সন্ধ্যা ৬টায়। কমলগঞ্জের শিববাজারের মণিপুরি ললিতকলা একাডেমি মিলনায়তনে দেখা যাবে সিনেমাটি।
সিনেমাগুলোতে অভিনয়ে মুখ্য ভূমিকায় জ্যোতি সিনহা। এছাড়াও আছেন গৌরহরি চ্যাটার্জী, বিধান সিংহ, স্বর্ণালী সিনহা, সমরজিৎ সিংহ, উপেন্দ্র সিংহ, সুশান্ত সিংহ, শ্যামলী সিনহা, অঞ্জনা সিনহাসহ অনেকে।
'নুংশিপি' সিনেমার প্রযোজক উত্তম কুমার সিংহ ও সাজেদুল ইসলাম, চিত্রগ্রহণ আবিদ মল্লিক, শিল্প নির্দেশক সজলকান্তি সিংহ, দৃশ্যসজ্জায় সৌরভ কুমার সিংহ, সম্পাদনায় ফয়সাল নিপুণ এবং সংগীতায়োজন করেছেন শর্মিলা সিনহা।
২০০ টাকায় টিকেট করে সিনেমাগুলো উপভোগ করতে হবে। টিকেট পাওয়া যাবে শিববাজারের শিবমন্দির সংলগ্ন মণিপুরি থিয়েটার স্টলে।
