২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তারাদের দেশে ভালো থেক’, স্বাগতের মৃত্যুতে শোকার্ত সহশিল্পীরা

বিস্মৃতপ্রায় বহু লোকগান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ভূমিকা নিয়েছিলেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2026, 10:21 AM

Updated : 19 Sep 2026, 02:27 PM

‘ময়না ছলাৎ ছলাৎ’ গানটি গেয়ে শ্রোতামহলে পরিচিতি পাওয়া পশ্চিমবঙ্গের লোকসংগীতশিল্পী স্বাগত দে মারা গেছেন। 

‘সংবাদ প্রতিদিন’ জানিয়েছে, বারাসতের একটি বেসরকারি হাসপাতালে গত বুধবার রাতে তার মৃত্যু হয়; স্বাগতর বয়স ছিল ৫৪ বছর।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মারা যাওয়ার দুই দিন আগে পর পর দুটি স্ট্রোক হওয়ার পর স্বাগতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

পরিস্থিতি খারাপের পর্যায়ে যাওয়ায় মঙ্গলবার থেকে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু এ শিল্পীকে আর বাঁচানো যায়নি।

ভাটিয়ালিসহ বিভিন্ন ধারার লোকসংগীতে স্বাগতের দখল ছিল। বিস্মৃতপ্রায় বহু লোকগান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ভূমিকা নিয়েছিলেন তিনি।

গানের পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে ‘ভিঞ্চিদা’ সিনেমায় অভিনয় করেছিলেন স্বাগত। পরিবারে তিনি স্ত্রী এবং দুই ছেলেমেয়ে রেখে গেছেন তিনি।

স্বাগত দের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গায়ক রাঘব চট্টোপাধ্যায়। 

সোশাল মিডিয়া তিনি লিখেছেন, “বিদায় স্বাগত। অসাধারণ এক শিল্পীকে অকালে হারালাম। অনেক ভালোবাসা।”

স্মৃতিচারণ করে সংগীতশিল্পী জোজো বলেন, “স্বাগত এভাবে চলে যাবে, এটা সত্যিই খুব আশ্চর্যের। তারাদের দেশে ভালো থেক…।”