Published : 31 Oct 2025, 01:48 PM
দর্শককে হলে টানতে সিনেমার পরিচালক ও সংশ্লিষ্টরা সাধারণত বলে থাকেন, ‘সপরিবারে সিনেমাটি দেখতে আসুন’। তবে ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’ নির্মাতা জয়ব্রত দাশ তার নতুন কাজটি নিয়ে বলছেন, ‘সিনেমাটি সপরিবার দেখবেন না’; সিনেমার পোস্টারেও বিধিসম্মত সতর্কীকরণটি জুড়ে দিয়েছেন তিনি।
প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত এই সিনেমাটি 'অ্যাডাল্ট সার্টিফিকেট' নিয়ে আগামী ১৪ নভেম্বর মুক্তি পাচ্ছে। তবে মুক্তির ছাড়পত্র পেতে সেন্সর বোর্ডের নির্দেশে সিনেমাটিতে ৫৪বার ছুরি কাঁচি চালাতে হয়েছে নির্মাতা টিমকে।
নিউজ এইট্টিন লিখেছে, গত জুলাইয়ে প্রেক্ষাগৃহে আসার কথা ছিল ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ সিনেমা।
সাম্প্রতিক সময়ে বাংলা সিনেমায় এত কাটের পরেও ‘অ্যাডাল্ট সার্টিফিকেট’ পাওয়া নজিরবিহীন বলেই মনে করছেন অনেকেই।
তবে এতবার সংশোধনের বিষয়টি বেশ সহজভাবেই দেখছেন পরিচালক জয়ব্রত দাশ।
তার কথায়, “মাত্র ৫৪টা পরিবর্তন! আমি আরও বেশি কাটস ও পরিবর্তনের জন্য প্রস্তুত ছিলাম। সেন্সর বোর্ড যা যা সাজেস্ট করেছে, সবটাই জাস্টিফায়েড।”
সিনেমার মুক্তির তারিখ নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ ১৪ নভেম্বর দেশটিতেএশিশু দিবস। এমন দিনে ‘অ্যাডাল্ট’ সিনেমা মুক্তি দেওয়ার কারণ কী প্রশ্নে সহ প্রযোজক সৌম্য সরকার বলেন, “প্রতি বছর শিশু দিবসে বাচ্চাদের জন্য সিনেমা মুক্তি পায়। এই বছর না হয় বড় হয়ে যাওয়া বাচ্চাদের জন্য একটা সিনেমা মুক্তি পাক।”
জয়ব্রত দাশ বলেছেন, গেল চার বছর ধরে ফিল্ম ইনস্টিটিউটের কয়েকজন বন্ধুকে নিয়ে নিজস্ব অর্থায়নে স্বাধীনভাবে সিনেমাটি বানিয়েছেন তিনি। কাজ শুরুর পর টাকাকড়িতের টান পড়ায় একাধিকবার থেমে গেছে সিনেমার কাজ। তবে পরে আবার টাকা জোগাড় করে ‘দ্য একাডেমি অব ফাইন আর্টসের’ কাজ শেষ করেন।
একগুচ্ছ অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত এই সিনেমার চিত্রনাট্যে দেখা যাবে একটি দামি অ্যান্টিক মদের বোতল ঘিরে কয়েকজন অপরাধীর পরিকল্পনা। সেই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টায় প্রত্যেকে জড়িয়ে পড়ে ছলনা, প্রতারণা, বিশ্বাস ও বিশ্বাসঘাতকতার গল্পে।
সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, পায়েল সরকার, ঋষভ বসু, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, অমিত সাহা, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, রানা বসু ঠাকুর ও অঞ্জন রায় চৌধুরী।