Published : 13 Jun 2026, 10:26 PM
মাঠের খেলা, পাড়ার আড্ডা আর মানুষে-মানুষে টান, একটি গ্রামের ‘হারিয়ে যাওয়া’ সম্প্রীতি আর বর্তমান সমাজের দূরত্বের গল্প নিয়ে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক 'গ্রামের নাম সুন্দরপুর'।
শনিবার থেকে বৈশাখী টেলিভিশন স্টেশনে দেখা যাবে নাটকটি। বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, নাটকটি সপ্তাহে তিন দিন শনিবার থেকে সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে।
নাটকটির কাহিনী রচনা করেছেন মো. শাহাদাৎ হোসেন এবং চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন আকাশ রঞ্জন।
গ্রামীণ জীবনের পরিবর্তন, সামাজিক সম্পর্কের অবক্ষয় এবং মানবিকতার সংকটকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই ধারাবাহিক।

চিত্রনাট্য নিয়ে পরিচালক আকাশ রঞ্জন বলেন, একসময় সুন্দরপুর গ্রামে মানুষের মধ্যে যে আন্তরিকতা, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা ছিল, সময়ের পরিবর্তনে তা অনেকটাই হারিয়ে গেছে। উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু মানুষের মানসিক পরিবর্তন ঘটেছে আরও দ্রুত।
"একসময় গ্রামের খোলা মাঠে ফুটবল, হাডুডু, দাড়িয়াবাঁধা, গোল্লাছুটের মত খেলা ছিল মানুষের বিনোদনের অংশ। যাত্রাপালা ও সিনেমা ছিল সামাজিক বিনোদনের মাধ্যম। কিন্তু এখন মোবাইল ফোন ও ব্যক্তিকেন্দ্রিক জীবনযাপন মানুষের পারস্পরিক সম্পর্ককে দূরে ঠেলে দিচ্ছে।
“নাটকটিতে আমরা বর্তমান সময়ের নৈতিক অবক্ষয়, সামাজিক বিচ্ছিন্নতা এবং মানবিক সম্পর্কের সংকটের গল্প তুলে ধরার চেষ্টা করেছি।"
'গ্রামের নাম সুন্দরপুর' নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, শফিক খান দিলু, শাকিলা পারভিন, মুকুল সিরাজ, সিদ্দিক মাস্টার, বাদল শহিদ, সাহেলা আক্তার, রূপক রেজা, রাহুল দেবরাজ, সোনিয়া, সাগরিকা সহ আরও অনেকে।