২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে থিয়েটার ইনস্টিটিউটের মঞ্চে ‘ঈশ্বর ভাসে গাঙ্গে’

নাটকটির পাণ্ডুলিপি পরিকল্পনা ও নিদের্শনা দিয়েছেন মোকাদ্দেম মোরশেদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 08:47 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে প্রতিভাস নাট্যদলের নতুন প্রযোজনা ‘ঈশ্বর ভাসে গাঙ্গে’।

শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টায় নাটকটির মঞ্চায়ন হয়েছে বলে প্রযোজনা অধিকর্তা কঙ্কন দাশ জানিয়েছেন।

নাটকের পাণ্ডুলিপি পরিকল্পনা ও নিদের্শনা দিয়েছেন মোকাদ্দেম মোরশেদ।

নাটকের গল্পে দেখা যায়, গাঙ্গের জলে ভেসে আসা শিশু ভাষাণ ঠাঁই পায় কোষডাঙ্গার এক নিঃসন্তান জেলে দম্পতির ঘরে। আশ্রয়দাতা পিতা-মাতার মৃত্যুর পর যুবক ভাষাণের মনে প্রশ্ন জাগে, তার ধর্ম কী?

নাটকের একপর্যায়ে আমিনা নামে একজনকে বিয়ে করে ভাষাণ। জড়িয়ে পড়েন ঋণের জালে। পরবর্তীতে একদিন গাঙ্গে উঠা এক ভীষণ ঝড়ের কবলে পরে তিনি আবার ভাসতে ভাসতে অষ্টগ্রামে আশ্রয় পান। পরে আশ্রয়দাতা নগেন হালদারের আকুতিতে তার মেয়ে শিখাকে বিয়ে করে নিয়ে আসে নিজ গ্রামে।

ভাষাণের ঘরে দুই ধর্মের দুই বউ। শুরু হয় সামাজিক চাপ। ভাষাণ সিদ্ধান্ত নেন রাতের বেলায় গাঙ্গে নৌকা ভাসিয়ে চলে যাবেন অন্য কোথাও, নতুন কোনো গন্তব্যে। 

নাটকটির আলোক পরিকল্পনা করেছেন আদনান সামি। সুর ও আবহ পরিকল্পনা করেছেন মঈন উদ্দিন কোহেল এবং কোরিওগ্রাফি করেছেন প্রমা অবন্তী। সার্বিক তত্ত্বাবধান করেছেন দীপঙ্কর দস্তিদার।