স্ট্রোকের পর দীর্ঘ লড়াই নির্মাতা কাকলীর, বিক্রি করতে হল গাড়িও
প্রতিদিনের থেরাপি ও অন্যান্য চিকিৎসা মিলিয়ে অনেক টাকা খরচ হয় জানিয়েছেন প্রাণ রায়।
গেল অক্টোবরে স্ট্রোক করার পর থেকে নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শাহনেওয়াজ কাকলীকে।
তার চিকিৎসার ব্যয় যোগাতে ‘বেশ হিমশিম’ খেতে হচ্ছে বলে জানিয়েছেন তার স্বামী, অভিনেতা প্রাণ রায়।
প্রতিদিনের থেরাপি ও অন্যান্য চিকিৎসা মিলিয়ে অনেক টাকা খরচ হয় জানিয়ে প্রাণ গ্লিটজকে বলেন, “কাকলীর অবস্থা কিছুটা উন্নতির দিকে, কিন্তু খুব ধীর গতির। দুপাশে দুজন ধরলে ভর দিয়ে এগোতে পারে। বাঁ হাত-পা এখনো নাড়াতে পারে না। কথা বলতে পারে, কিন্তু মুখ বেঁকে যায়। প্রতিদিনের থেরাপি ও অন্যান্য চিকিৎসার খরচ অনেক। তিনটি করে থেরাপি নিতে হচ্ছে।”
স্ত্রীর চিকিৎসার ব্যয় মেটাতে গাড়ি বিক্রি করে দিয়েছেন জানিয়ে এই অভিনেতা বলেন, “আমাদের জমানো টাকা শেষ। সিনেমা বানানোর জন্য টাকা জমিয়ে রেখেছিলাম, সেটিও শেষ। গাড়ি ছিল, সেটাও বিক্রি করে দিয়েছি। হাসপাতালের খরচ, বাসার খরচ সব মিলিয়ে জীবনের কঠিন সময় যাচ্ছে।”
গত পাঁচ মাস ধরে অভিনেতাও কোনো শুটিংয়ে অংশ নিতে পারছেন না। চিকিৎসা ব্যয় সামাল দিতে পরিবার ও বন্ধুদের সহযোগিতা পাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।
শাহনেওয়াজ কাকলী বাংলাদেশের চলচ্চিত্রের মানবিক গল্পকার হিসেবে পরিচিত। তার প্রথম সিনেমা ‘জলরং’ মুক্তি না পেলেও ২০১২ সালে মুক্তি পাওয়া ‘উত্তরের সুর’ তাকে এনে দেয় বিশেষ পরিচিতি। সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবি, পার্শ্ব অভিনেত্রী ও শিশুশিল্পী- তিন বিভাগে পুরস্কার পায়।
২০১৫ সালে মুক্তি পায় তার ‘নদীজন’ সিনেমা। সিনেমাটিও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
নিয়মিত টেলিভিশন নাটক, চিত্রনাট্য ও শিল্প নির্দেশনাও করতেন কাকলী। ২০২২ সালে তিনি নির্মাণ করেন ‘ফ্রম বাংলাদেশ’। সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজও প্রায় সম্পন্ন। কিন্তু নির্মাতার অসুস্থতা ও নানা সংকটের কারণে এখনো মুক্তি পায়নি।
