রেহান-রাপ্তির গান ‘দূরত্ব’
গানটি প্রকাশ হবে রাপ্তি সারওয়াতের ইউটিউব চ্যানেলে।
নতুন গান ‘দূরত্ব’ নিয়ে আসছেন সংগীতশিল্পী রেহান রাসুল। এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন রাপ্তি সারওয়াত।
গানের কথা ও সুর করেছেন রেহান নিজেই। সংগীতায়োজন করেছেন তাসনুভ নাওয়াল। খুব শিগগিরই গানটি রাপ্তি সারওয়াতের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
রেহান রাসুল বলেন, ‘“দূরত্ব” গানের কথাগুলো আমার কাছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বাংলা গান ও সুরের একটি কথোপকথন। দূরত্ব গানটি সবার কাছে আসবে শিগগিরই। আশা করছি সবার ভালো লাগবে।”
নিজস্ব গায়কির পাশাপাশি গান লেখা ও সুর করার সুবাদে বাংলাদেশের সংগীতাঙ্গনে পরিচিতি পেয়েছেন রেহান রাসুল।
২০১৮ সালে প্রকাশ তার গাওয়া ‘বাজে স্বভাব’ গানটি শ্রোতাদের নজর কাড়ে। এরপর ধারাবাহিকভাবে ‘রূপকথা’, ‘অচেনা শহর’, ‘অন্য রকম খুন’, ‘হাই’সহ বেশ কয়েকটি গান প্রকাশ করেছেন তিনি।
চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিচ্ছেন রেহান রাসুল। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘তুফান’ সিনেমায় ‘আসবে আমার দিন’ গানটি গেয়েছেন তিনি।
অন্যদিকে ‘দূরত্ব’ রাপ্তির প্রথম মৌলিক গান। পেশায় চিকিৎসক রাপ্তি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে কাজ করছেস।
