ঘানা-নাইজেরিয়ার ৩ নাগরিকের কাছে মিলল ঐশ্বরিয়ার জাল পাসপোর্ট
গ্রেপ্তার বিদেশিরা সংঘবদ্ধ জালিয়াত চক্রের সদস্য বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।
বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের জাল পাসপোর্ট উদ্ধার করেছে ভারতের উত্তর প্রদেশ পুলিশ; গ্রেপ্তার করা হয়েছে তিন বিদেশিকে।
পাসপোর্ট জালিয়াতির ঘটনায় জড়িত এই তিনজনের মধ্যে দুজন নাইজেরিয়ার এবং একজন ঘানার নাগরিক বলে জানিয়েছে এনডিটিভি।
শুক্রবার একজন পুলিশ কর্মকর্তা জানান, সাইবার জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন বিদেশিকে গ্রেপ্তার করার পর তাদের কাছে ঐশ্বরিয়ার একটি জাল পাসপোর্ট পাওয়া যায়। এছাড়া তাদের ল্যাপটপ এবং কম্পিউটার ঘেঁটে অসংখ্য জাল ভিসা এবং পাসপোর্টের কপি পাওয়া গেছে।
একজন অবসরপ্রাপ্ত কর্নেলের অভিযোগের ভিত্তিতে জালিয়াতির একটি এফআইআর দায়ের করেছিল পুলিশ। ওই কর্নেলের দাবি, ক্যান্সার চিকিৎসার ওষুধ কেনার অজুহাতে প্রতারণা করে ১.৮১ কোটি রুপি হাতিয়ে নেয়ন অপরাধীরা।
নয়ডায় ডেপুটি কমিশনার অব পুলিশ অভিষেক ভার্মা সাংবাদিকদের বলেন, “অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার প্রতারণার মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে একি উফেরেমভুকওয়ে ও ওকোলোই ড্যামিওন নাইজেরিয়ার নাগরিক। অ্যাডউইন কলিনস ঘানার বাসিন্দা।
পুলিশের অভিযোগ, অন্যান্য সহযোগীদের সঙ্গে মিলে পরিকল্পিতভাবে বিবাহের সাইট, ডেটিং অ্যাপ, সোশ্যাল মিডিয়া সাইট, লটারি জালিয়াতি ইত্যাদির মাধ্যমে নির্দোষ লোকদের প্রতারণা করে আসছিল অপরাধীরা।
