১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রেনের ভেতরে ব্লেড নিয়ে হামলা: এই অন্তরা সেই অন্তরা নন

‘বিবস্ত্র হয়ে ব্লেড নিয়ে’ আরপিএফ কর্মীদের উপর চড়াও হওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় অন্তরা নামের সেই মডেলকে।

ট্রেনের ভেতরে ব্লেড নিয়ে হামলা: এই অন্তরা সেই অন্তরা নন
‘কসৌটি জিন্দেগি কি’ খ্যাত অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 10:23 AM

Updated : 11 Sep 2026, 03:51 PM

মুম্বাইয়ে ট্রেনের সংরক্ষিত কামরায় আসন নিয়ে বচসার জেরে রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) এক কর্মীর ওপর ব্লেড নিয়ে হামলার অভিযোগে এক মডেল গ্রেপ্তার হওয়ার পর বিপাকে পড়েছেন ‘কসৌটি জিন্দেগি কি’ খ্যাত অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়।

তার নাম ও ছবিসহ ওই খবর ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। নাম বিভ্রাটের কারণে উঠতে-বসতে তাকে কটুক্তির শিকার হতে হচ্ছে।

অন্তরা বন্দ্যোপাধ্যায়ের টিম এক বিবৃতিতে জানিয়েছে, রেলকাণ্ডে যিনি গ্রেপ্তার হয়েছেন, তার নাম অন্তরা সোহম বন্দ্যোপাধ্যায়। তিনিও একজন মডেল, থাকেন থানেতে। অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই।

কলকাতার ‘সংবাদ প্রতিদিন’ জানিয়েছে, ১২ অগাস্ট সুরাটগামী অরাবল্লী এক্সপ্রেসের একটি সংরক্ষিত শীতাতপনিয়ন্ত্রিত কামরায় আসন নিয়ে বচসার সূত্রপাত হয়। সেই নারী স্লিপার শ্রেণির টিকিট নিয়ে এসি কামরায় উঠেছিলেন। বিষয়টি নিয়ে রেলকর্মীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে ওই নারী ‘বিবস্ত্র হয়ে ব্লেড নিয়ে আরপিএফ কর্মীদের উপর চড়াও হন’ বলে রেলকর্মীদের অভিযোগ। তাতে অন্তরা সোহম বন্দ্যোপাধ্যায় নিজে এবং একজন এসআই আহত হন। পরদিন সকালে বোরিভালি রেলওয়ে পুলিশ সেই অন্তরাকে হেফাজতে নেয়। 

ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি ব্যবহার করে খবর ছড়িয়ে পড়ে। 

এই পরিপ্রেক্ষিতে তার টিম বিষয়টি খোলাসা করে জানায়, রেলকাণ্ডের সেই অন্তরা আর এই অন্তরা এক ব্যক্তি নন। টিমের দাবি, মামলার নথিতে গ্রেপ্তার নারীর নাম ও পরিচয় যাচাই করলে এই বিভ্রান্তি এড়ানো সম্ভব ছিল।

অন্তরা বন্দ্যোপাধ্যায়।

অন্তরা বন্দ্যোপাধ্যায়।

‘কসৌটি জিন্দেগি কে’-তে সুমন শর্মা চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অন্তরা বন্দ্যোপাধ্যায়ের জন্ম কলকাতার বাঙালি পরিবারে। 

বিনোদন দুনিয়ায় নিজের ক্যারিয়ার তৈরি করার লক্ষ্য নিয়ে ২০১৩ সালে বাবা-মায়ের সঙ্গে মুম্বাই পাড়ি দেন তিনি। সেখানে নির্মলা নিকেতন কলেজে ব্যাচেলর অব সোশ্যাল ওয়ার্ক (বিএসডব্লিউ) কোর্সে ভর্তি হন। কিন্তু টেলিভিশনের কাজের ব্যস্ততার কারণে পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে পারেননি।

অভিনয়ে অন্তরার অভিষেক হয় ২০১২ সালে ‘গুমরাহ: দ্য এন্ড অব ইনোসেন্স’ ধারাবাহিকের মাধ্যমে। এর দুবছর পর ২০১৪ সালে বড় পর্দায় তার যাত্রা শুরু ‘দ্য শওকিনস’ সিনেমায় অতিথি চরিত্রের মাধ্যমে। 

এরপর টেলিভিশনে একের পর এক সিরিয়ালে সামনে আসেন অন্তরা। এছাড়া ‘সাবধান ইন্ডিয়া’, ‘বাড়ো বহু’ এবং ‘লাল ইশক’সহ আরও কিছু অনুষ্ঠানও করেন। কাজ করেন মিউজিক ভিডিওতেও।

কেবল অভিনয় নয়, অন্তরা একজন প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পীও। প্রায় ১৫ বছর ধরে কত্থক পরিবেশন করেন তিনি। পাশাপাশি শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষণও নিয়েছেন। বিভিন্ন বিজ্ঞাপনে মডেলিংয়ের কাজও করেছেন।