১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শরৎচন্দ্রকে নিয়ে সিনেমা বানাচ্ছেন সৃজিত

অভিনয় শিল্পী বাছাইপর্ব চলছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 02:35 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

ভারতের পশ্চিমবঙ্গের  পরিচালক সৃজিত মুখার্জির নতুন সিনেমার বিষয় হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার আলোচিত উপন্যাস ‘পথের দাবী’। 

আগামী বছরের অগাস্টে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা পথের দাবী উপন্যাস প্রকাশের শতবর্ষ পূর্তি হবে। এ উপলক্ষ সামনে রেখে সৃজিত হাত দিয়েছেন ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ নামের সিনেমা বানানোর কাজে।

আনন্দবাজার বলছে, সেই উপন্যাস, সেই সময়কাল এবং শাসকের বিরুদ্ধাচারণ আজও কীভাবে ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেয়, এই বিষয়গুলো সিনেমায় রেখেছেন সৃজিত। 

‘পথের দাবী’ যৌথভাবে প্রযোজনা করছে শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনির এসভিএফ প্রযোজনা সংস্থা এবং রানা সরকারের দাগ ক্রিয়েটিভ মিডিয়া।

আনন্দবাজারকে সৃজিত বলেছেন, ১৯২৬ সালের ৩১ অগাস্ট শরৎচন্দ্রের ‘পথের দাবি’ প্রকাশিত হয়েছিল। উপন্যাস প্রকাশের পর দেশজুড়ে ব্রিটিশবিরোধী আন্দোলন আরও জোরালো হয়। যার জেরে ১৯২৭ সালের জানুয়ারিতে বইটি সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। উত্তাল হয়ে ওঠে সারা দেশ। সেই সময়ের আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরও। 

এই সিনেমায় তৎকালীন ঘটনার পাশাপাশি ওই সময়ের খ্যাতমান ব্যক্তিদেরও তুলে আনা হবে বলে জানিয়েছেন সৃজিত। 

সৃজিত বলেন, “বরাবর নানা স্বাদের সিনেমা বানিয়ে এসেছি। এ বছরেই যেমন মুক্তি পেয়েছে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’, ‘কিলবিল সোসাইটি’। একটির সঙ্গে আর একটির বিষয়ের কিন্তু কোনো মিল নেই। সেই জায়গা থেকেই আমার এই বিষয়টিকে বেছে নেওয়া।” 

সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শেষ বলে জানিয়েছেন সৃজিত। সব ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরে শুটিং শুরু করা হবে।

তিনি জানিয়েছেন, অভিনয় শিল্পী বাছাইপর্ব চলছে। 

‘পথের দাবী’ মুক্তি পাবে আগামী বছরের মে মাসের ১ তারিখে। 

অভিনয়ে কারা থাকছেন সে কথা অবশ্য এখনই ফাঁস করতে নারাজ পরিচালক।