Published : 02 Dec 2025, 02:57 PM
অভিনয়, প্রযোজনা এবং কৃষিকাজ-এই তিনের বাইরে হিন্দি সিনেমার প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র দেওল ছিলেন একজন কবি। অভিনেতার সেই সাহিত্যকর্ম অপ্রকাশিত রয়ে গেছে। কাব্যগ্রন্থ প্রকাশের জন্য ধর্মেন্দ্রর স্ত্রী অভিনেত্রী হেমা মলিনী বারবার তাগাদা দিলেও, তা আলোর মুখ দেখেনি।
এই আফসোসের কথা হেমা মালিনী বলেছেন পরিচালক হামাদ আল রেয়ামির কাছে। ‘হি-ম্যান’ খ্যাত ধর্মেন্দ্রর মৃত্যুর পর হেমা মালিনীর সঙ্গে দেখা করতে যান রেয়ামি।
তখন কথা কথায় ধর্মেন্দ্রর কবিতা লেখার প্রসঙ্গ সেদিন উঠে আসে বলে লিখেছে টাইমস অব ইন্ডিয়া।
‘ড্রিম গার্ল’ হেমা মালিনী বলেন, “আমি প্রায়ই বলতাম, তোমার লেখাগুলো প্রকাশ করো। উনি বলতেন, ‘এখনও কিছু লেখা বাকি আছে।’ কিন্তু, সময় তার জন্য থেমে থাকেনি, চলে গেলেন। এবার অচেনা মানুষেরা আসবেন, ধরমজির লেখালেখি নিয়ে কথা বলবেন। কিন্তু তার শব্দগুলোই আর দিনের আলো দেখতে পেল না।”
ফুসফুসের জটিলতা নিয়ে প্রায় একমাস ভুগে গত ২৪ নভেম্বর মারা যান ধর্মেন্দ্র। তার মৃত্যৃর খবর নিয়ে ‘লুকোছাপা’ করা হয়েছে অভিযোগ করেছেন তার ভক্ত অনুরাগীরা। তাড়াহুড়ো করে এবং নিরাপত্তার অতিরিক্ত কড়াকড়িতে শেষকৃত্যানুষ্ঠান করা হয়েছে বলেও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন সোশাল মিডিয়ায়।
এই বিষয়ে হেমা মালিনীর ভাষ্য, “মানুষের মৃত্যুর পর তাকে নিয়ে সব সিদ্ধান্ত নেয় পরিবার।”
তিনি আরও বলেন, “ধরমজি নিজেকে কখনও দুর্বল হিসেবে প্রকাশ করতে চাননি। স্বজনদের কাছেও তিনি তার কষ্ট লুকিয়ে রেখেছেন।”

অভিনেতার শেষদিনগুলোর কথা তুলে ধরে হেমা মালিনী বলেন. “তার শেষদিনগুলো ভালো কাটেনি। শারীরিকভাবে কষ্ট পেয়েছেন। আমরাও তার কষ্ট সহ্য করতে পারছিলাম না। তিনি তখনও তার চেহারায় কষ্টের ভাব লুকানোর চেষ্টা করেছেন।”
ছয় দশক জুড়ে তিন শতাধিক সিনেমায় তিনি জাদু ছড়িয়ে যাওয়া ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হলেন হেমামালিনী।
অভিনেতার প্রথম স্ত্রী প্রকাশ কৌর এবং তার দুই ছেলে, সানি দেওল ও ববি দেওল যে স্মরণসভার আয়োজন করেন, তাতে দেখা যায়নি হেমা মালিনীকে। বরং নিজের বাড়িতে অভিনেতার জন্য গীতাপাঠের ব্যবস্থা করেন তিনি।
প্রেম করে বিয়ে করার কারণে দীর্ঘদিন চর্চায় ছিলেন ধর্মেন্দ্র ও হেমা মালিনী। ১৯৭০ সালে প্রথম দুজন পর্দা ভাগাভাগি করেন ‘তুম হাসিন ম্যায় জাওয়ান’ সিনেমায়। আর তাদের চার হাত এক হয় ১৯৭৯ সালে।
তবে দুই অভিনেতার মন দেওয়া-নেওয়া যখন শুরু, তখন ধর্মেন্দ্র বিবাহিত এবং চার সন্তানের জনক।
হেমা মালিনীকে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলেও প্রথম স্ত্রীর কাছ থেকে তালাক মেলেনি এই নায়কের। অগত্যা বলিউডের এই দুই তারকা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সেই ধর্মমতেই বিয়ে করেন। ধর্মেন্দ্র ‘দিলওয়ার খান কেওয়াল কৃষ্ণ’ নামে পরিচিত হন। এই দম্পতির দুই মেয়ে এশা দেওল ও অহনা দেওল।
ধর্মেন্দ্র ও হেমামলিনী একসঙ্গে কাজ করেছেন ৩০টির বেশি সিনেমায়। সেগুলোর মধ্যে ‘সীতা অউর গীতা’, ‘ড্রিমগার্ল’, ‘শরিফ বদমাশ’, ‘জুগনু’, ‘দোস্ত’ কালজয়ী হয়।
আর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সংসারে ধর্মেন্দ্রর চার সন্তান। তারা হলেন সানি দেওল, ববি দেওল, অজিতা দেওল ও বিজিতা দেওল। তবে ধর্মেন্দ্র অনেক বছর ধরে প্রথম স্ত্রীর সঙ্গেই এক বাড়িতে থাকতেন।
আরও পড়ুন