আমাকে বলা হয়েছিল শুধু খলচরিত্রে অভিনয় করতে হবে: বানদেরাস
হলিউডের বিশাল বাড়ি ও প্রাইভেট জেট বিক্রি করে স্পেনে ফেরার পর, দক্ষিণাঞ্চলে একটি ছোট থিয়েটার কিনেছেন বানদেরাস।
স্প্যানিশ তারকা আন্তোনিও বানদেরাসকে এক সময় বলা হয়েছিল, হলিউডে সাফল্যের মুখ দেখতে হলে কেবল খল চরিত্রেই কাজ করতে হবে। তবে সেই সীমাতেই আটকে থাকেননি এই অভিনেতা। পর্দায় নায়ক হয়ে জয় করেছেন দর্শক হৃদয়।
৬৫ বছর বয়সী বানদেরাস স্পেনে নিজ শহর মালাগাতে মঞ্চনাটক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। ১৯৮২ সালে ‘লাবিরিনতো দে পাসিওনেস’ ও ১৯৮৬ সালে ‘মাতাদোর’ দিয়ে স্প্যানিশ সিনেমায় যাত্রা শুরু হয় তার।
১৯৯২ সালে ‘মাম্বো কিংস' দিয়ে হলিউডে যাত্রা শুরু করেন তিনি। এরপর, ‘ফিলাডেলফিয়া’, ‘ইন্টারভিউ উইথ আ ভ্যাম্পায়ার’ ও ব্লকবাস্টার হিট ‘দ্য মাস্ক অফ জোরো’ দিয়ে হলিউডের প্রথম সারির তারকায় পরিণত হন বানদেরাস।
ব্রিটিশ দৈনিক দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বানদেরাস বলেন, “তারা (হলিউডের পরিচালকরা) আমাকে বলেছে, ‘কৃষ্ণাঙ্গ ও হিসপানিকদের মত তোমাকেও এখানে শুধু খল চরিত্রে অভিনয় করতে হবে।”
এর কয়েকবছর পরই তিনি ক্যাথেরিন জেটা-জোনসের বিপরীতে জোরো চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। বানদেরাস বলেন, “কয়েক বছর পর আমি মুখোশ ও হ্যাট পরে ও কেপ লাগিয়ে হিরোর চরিত্রে অভিনয় করি, যে সিনেমায় খলনায়ক ছিলেন ক্যাপ্টেন লাভ। তার সোনালি চুল ও নীল চোখ ছিল।”
বানদেরাস আরও বলেন, “তার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল ‘পুস ইন বুটস’। কারণ এটা শিশুদের জন্য নির্মিত হয়েছিল। সেখানে শিশুরা এক বিড়ালকে পেয়েছে যে স্প্যানিশ, অনেকটা আন্দালুসিয়ান অ্যাকসেন্টে কথা বলছে এবং সে একটা ভালো চরিত্র।”
হলিউডে নিয়মিত কাজ করার মাঝেও হঠাৎ করেই নিজ শহর মালাগায় ফেরত চলে যান বানদেরাস। কারণ হিসেবে তার শারিরীক অসুস্থতাকে তুরে ধরে ধরেন তিনি। ২০১৭ সালে তার হার্ট অ্যাটাক হয়ম এরপরই দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
বানদেরাস বলেন, “ওই ঘটনা জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি পালটে দেয়। মৃত্যুর মুখোমুখি হওয়ার পর আমি বুঝতে পারি, আদতে আমি মঞ্চের এক অভিনেতা।”
হলিউডের বিশাল বাড়ি ও প্রাইভেট জেট বিক্রি করে স্পেনে ফেরার পর, দক্ষিণাঞ্চলে একটি ছোট থিয়েটার কিনেছেন বানদেরাস। যা নিয়েই এখন ব্যস্ত তিনি।
বানদেরাস বলেন, “এটা আমাকে শেকড়ের কাছাকাছি রেখেছে। আমার নিজের এলাকা, নিজের মানুষের পাশে রেখেছে। এতদিনেও এদের সঙ্গে আমার সম্পর্কটা শেষ হয়ে যায়নি। উল্টোটা হয়েছে।”
স্থানীয় বাসিন্দারা তাকে ‘হোসে হলিউড’ বলে সম্বোধন করে জানিয়ে বানদেরাস বলেন, “আমি জীবনে কখনই এতোটা আনন্দে ছিলাম না।”
