জীবনানন্দের সৃষ্টির অনুপ্রেণায় শহরতলীর ‘অপ্রলাপ’
সোমবার গানটি ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, স্পটিফাই এবং অন্যান্য মাধ্যমে প্রকাশ পাবে গানটি।
ব্যান্ড শহরতলী প্রকাশ করতে যাচ্ছে তাদের তৃতীয় অ্যালবামের নতুন গান ‘অপ্রলাপ’।
২০২১ সালে পথ চলার ২০ বছর পূর্তি উপলক্ষে দলটি ‘এখন, এখানে’ নামের তৃতীয় অ্যালবাম প্রকাশের যে ঘোষণা দিয়েছিল, এই গানটি সেই অ্যালবামের শেষ গান।
শহরতলীর পারফর্মিং ভোকালিস্ট জিল্লুর রহমান সোহাগ গ্লিটজকে বলেন, "সোমবার ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, স্পটিফাই এবং অন্যান্য মাধ্যমে প্রকাশ পাবে গানটি।"
‘অপ্রলাপ’ গানের কথা লিখেছেন জিল্লুর রহমান সোহাগ, সুর করেছেন মিশু খান।
জীবনের টানাপোড়েন, আশাবাদ-নিরাশার দোলাচল এবং মানুষের ভিতরের দ্বন্দ্ব এই বিষয়গুলোকে কেন্দ্র করেই তৈরি হয়েছে গানটি।
সোহাগ বলেন, “জীবনের নানাবিধ সংকটের মুখোমুখি দাঁড়িয়ে মানুষ মূলত পেন্ডুলামের মত দুলতে থাকে আশাবাদ ও নিরাশাবাদের মধ্যবর্তী এক অমিমাংসিত দ্বন্দ্বে। সেই টানাপোড়নের গল্পই উঠে এসেছে ‘অপ্রলাপ’ গানে।”
গানের আবহ নির্মিত হয়েছে কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা ‘আট বছর আগে একদিন’ থেকে অনুপ্রাণিত হয়ে।
গানটি প্রকাশের পর শিগগিরই ‘এখন, এখানে’ অ্যালবামটিও শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন এই গায়ক।
এই অ্যালবামে গান রয়েছে দশটি।
এর আগে ব্যান্ডটি ২০১০ সালে ‘বরাবর শহরতলী’ এবং ২০১৩ সালে ‘অপর পৃষ্ঠা দ্রষ্টব্য’ নামে দুইটি অ্যালবাম প্রকাশ করেছে।
‘থিয়েট্রিক্যাল রক’ ধারা নিয়ে দুই দশক আগে যাত্রা শুরু করেছিল গানের ব্যান্ড 'শহরতলী'।
শহরতলীর গানে কবিতা, সংলাপ ও সংগীতের অনুষঙ্গ মিলেমিশে উঠে আসে সময়, মানুষ ও সমাজের গল্প।
‘শহরতলীর’ জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘জেলখানার চিঠি’, ‘প্রস্থান’, ‘নীলিকা’, ‘গণজোয়ার’, ‘দেশমাতার কাছে চিঠি’, ‘আহবান’সহ আরও কিছু গান পরিচিতি পেয়েছে। এরই মাঝে ২০১২ সালে ব্যান্ড মিক্সড অ্যালবাম ‘হাতিয়ার’ এ প্রকাশ পায় তাদের ‘ফেলানি’ গানটি।
ব্যান্ডের বর্তমান লাইনআপে রয়েছেন মিশু খান (ভোকাল, রিদম গিটার), জিল্লুর রহমান সোহাগ (পারফর্মিং ভোকাল), সাদি মোহাম্মাদ (কি-বোর্ড), ফাহিম পাশা (লিড গিটার), মাহবুবুল আকরাম রবি (ড্রামস), ওয়াসিফ আহমেদ (বেজ গিটার) ও মাহিবুল হাসান মাহিম (সাউন্ড ইঞ্জিনিয়ার)।
