২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

অনেক সংকটের পরও চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

‘বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব-২০২৩’ এর উদ্বোধন করে একথা বললেন হাছান মাহমুদ।

অনেক সংকটের পরও চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব-২০২৩’ উদ্বোধন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2023, 12:46 AM

Updated : 10 Jan 2023, 12:46 AM

নানা সংকটের মধ্যে দেশের চলচ্চিত্রের এগিয়ে যাওয়ার কথা বললেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) আয়োজিত দিনব্যাপী ‘বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব-২০২৩’ উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

এফডিসির জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত এ উৎসবে তথ্যমন্ত্রী বলেন, “সিনেমা শিল্পের সুদিন ফিরে এসেছে। অনেক সংকট আছে, তারপরও বাংলাদেশ চলচ্চিত্র শিল্প এগিয়ে যাচ্ছে। অনেক বন্ধ হল চালু হয়েছে, নতুন নতুন সিনেপ্লেক্স হচ্ছে।

“করোনা মহামারী এখন কেটে গেছে। সাম্প্রতিক সময়ের কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার পর মানুষ করোনার ভয় দূর করে লাইনে দাঁড়িয়েছে সিনেমাগুলো দেখার জন্যে।”

বাচসাস দেশের চলচ্চিত্র উন্নয়নের বিকাশ ঘটাতে শুরু থেকেই কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করে এমন আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, “দেশ স্বাধীন হবার পরও স্বাধীনতা পূর্ণতা পায়নি। এটি পূর্ণতা পায় ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্তি পেয়ে এসে পরিবারের কাছে প্রথমে যাননি। তিনি গিয়েছেন জনতার কাছে। এরপর গেছেন পরিবারের কাছে। এমন একটি দিনে চলচ্চিত্র উৎসব আয়োজন করার জন্যে আয়োজকদের সাধুবাদ জানাই।”

উৎসবে সভাপতিত্ব করেন বাচসাসের সভাপতি রাজু আলীম। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাচসাসের সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।

দিনব্যাপী এ উৎসবে ‘গেরিলা’, ‘শ্যামল ছায়া’, ‘মেঘের পরে মেঘ’ ও ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমাগুলো দেখানো হয়। এই আয়োজনে রাজু আলীম পরিচালিত ‘পিতার ছবি’ শিরোনামের বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠিত হয়।