Published : 07 Feb 2026, 02:57 PM
পরনে নীল রঙের বারকোড ওভারকোট, মাথায় হ্যাট আর লম্বা ধূসর সাইডবার্ন; চেহারা দেখে চেনার উপায় নেই।
ডেইলি মেইলে প্রকাশিত ছবিগুলো দেখে প্রথমে ধাক্কাই খাবেন তার ভক্তরা। সিনেমার গল্পের সঙ্গে মিশে যেতে নিজের লুক বদলে ফেলায় সিদ্ধহস্ত তিনি। বলা হচ্ছে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ খ্যাত হলিউড তারকা জনি ডেপের কথা।
অ্যাকুয়াম্যান খ্যাত অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে বিচ্ছেদ ঘিরে তিন বছর ধরে আইনি লড়াইয়ের ঝক্কি কাটিয়ে তার ফের বড় পর্দায় ফেরার খবর জানা গেল ওই ছবি দিয়েই।
চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারল’র গল্পে নির্মিত হচ্ছে ‘অ্যাবেনিজার: আ ক্রিসমাস ক্যারল’। এতে গল্পের মূল চরিত্র অ্যাবেনিজার স্ক্রুজ চরিত্রে দেখা যাবে জনি ডেপকে।
এই চরিত্রের জন্য ডেপকে যেভাবে সাজানো হয়েছে, তাতে তার ভক্তরা চমকে যেতে বাধ্য।

যুক্তরাজ্যে শুটিং সেটে অভিনেত্রী আন্দ্রেয়া রিজবোরোর সঙ্গে হাসি আন খুনসুঁটিরত অবস্থায় ক্যামেরায় ধরা পড়েছেন ৬৩ বছর বয়সী এই অভিনেতা।
‘ঘোস্ট অব ক্রিসমাস পাস্ট’ এর রিজবোরোকে একটি সাদা গাউন, সাদা পরচুলা আর চেহারায় ভৌতিক রূপ আনতে চোখে কন্টাক্ট পরা দেখা গেছে।
এ বছরের নভেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে পারে।
সিনেমাটিতে জনি ডেপের সঙ্গে আরও থাকছেন স্যার ইয়ান ম্যাককেলান, স্টার ওয়ার্স খ্যাত ডেইজি রিডলি, ব্রিটিশ অভিনেত্রী এলি ব্যাম্বার, হ্যারি পটার তারকা রুপার্ট গ্রিন্ট, হাঙ্গার গেমসের ট্রামেল টিলম্যান এবং স্যাম ক্লাফ্লিন।

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানে’ ফিরছেন ডেপ?
ব্লকবাস্টার ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের’ ষষ্ঠ কিস্তিতে আবার ক্যাপ্টেন জ্যাক স্প্যারো রুপে দেখা যাবে অভিনেতা জনি ডেপকে? সম্প্রতি সিনেমাটির প্রযোজক জেরি ব্রুকহেইমারের সঙ্গে ডেপের আলোচনার পর তেমন গুঞ্জনই ডালপালা মেলেছিল।
সম্প্রতি অভিনেতা টিকটকে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের’ সঙ্গে যোগ আছে এমন একটি ভিডিও ক্লিপ আপলোড করে সেই গুঞ্জন যেন আরো উসকে দিয়েছেন। ভিডিওতে দেখা গেছে, একটি ট্যাটু আঁকা হাত পুরনো মলিন কাগছে লিখছে, ‘যেমনটা ঘটে, রাম শেষ হয়ে যায়নি’। ভিডিওতে জ্যাক স্প্যারোর ব্যবহৃত কিছু জিনিসও দেখা গেছে।
জনি ডেপ এ বছরই আরেকটি সিনেমায় কাজ করবেন। ‘ডে ড্রিংকার’ নামের এই সিনেমায় তার সঙ্গে থাকছেন অভিনেত্রী পেনেলোপে ক্রুজ।
এই হলিউড অভিনেতাকে ২০২৩ সালে সবশেষ দেখা গেছে ফরাসি ভাষার সিনেমা ‘জাঁ দু বারি’তে।