‘আড়ি’ সিনেমায় নিজের ‘ছায়া পেয়েছেন’ মৌসুমী
দীর্ঘ বিরতির পর এমন এক চিত্রনাট্যে তিনি ফিরলেন, যেখানে এই অভিনেত্রী খুঁজে পেয়েছেন নিজের ছায়া।
ভারতীয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় এক যুগ পর কলকাতার সিনেমায় ফিরে এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তিনি খুঁজে পেয়েছেন ‘নিজের ছায়া’।
এই উপলব্ধির কথা মৌসুমী জানিয়েছেন কলকাতার সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিনকে’।
কদিন আগে মুক্তি পেয়েছে মৌসুমীর সিনেমা ‘আড়ি’। পরিচালনা করেছেন জিৎ চক্রবর্তী, আর প্রযোজনা করেছে অভিনেতা-প্রযোজক যশ দাশগুপ্ত। ‘আড়িতে ‘ মৌসুমীর ছেলের চরিত্রে অভিনয় করেছেন যশ।
‘সংবাদ প্রতিদিনকে’ দেওয়া সাক্ষাৎকারে কলকাতার সিনেমা করার পেছনে তার আবেগ, নতুন কাজের অভিজ্ঞতা, সঙ্গে পুরনো দিনের স্মৃতি, মুম্বাইয়ের জীবন, কলকাতার প্রতি নাড়ির টান নিয়ে কথা বলেছেন মৌসুমী।
অভিনেত্রীর কথায় জানা গেল, 'আড়ি' সিনেমায় পরিচালকের প্রস্তাব দেওয়ার পেছনের গল্পটিও ছিল নাটকীয়। মৌসুমীকে এই সিনেমায় আনার চেষ্টা জিতের চলছিল গেল বছর ধরে। অভিনেত্রী প্রথম দিকে কানে তুলছিলেন না। পরে মেয়ে মেঘার অনুরোধে জিৎকে তিনি সময় দেন।
চলচ্চিত্রে মৌসুমী চট্টোপাধ্যায়ের অভিষেক তরুণ মজুমদারের পরিচালনায় ১৯৬৭ সালে ‘ওগো বধূ সুন্দরী’ সিনেমা দিয়ে। তখন মৌসুমী স্কুলের গণ্ডি পার হননি, বয়স ১৫। এরপর আরো কয়েকটি বাংলা সিনেমা করে বাহাত্তরে হিন্দি সিনেমা ‘অনুরাগ’ দিয়ে বলিউডে পা রাখেন কিংবদন্তী গায়ক সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূ মৌসুমী।
বাংলা-হিন্দি মিলিয়ে বহু কাজ করলেও এই অভিনেত্রীর মূল ক্যারিয়ার দাঁড়িয়ে যায় বলিউডে। তিনি যেমন উত্তম কুমারের বিপরীতে বাংলা সিনেমায় যেমন কাজ করেছেন, তেমনি হিন্দিতে অমিতাভ বচ্চন এবং রাজেশ খান্নার মত নায়কদের নায়িকাও হয়েছেন তিনি।
গত দেড় দশকের মধ্যে মৌসুমী বাংলা-হিন্দি মিলিয়ে যা যা করেছেন, সেগুলোর মধ্যে ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘গয়নার বাক্স’ দারুণ সাড়া তোলে।
এরপর থেকে তার দেখা মেলেনি বাংলা চলচ্চিত্রে।
এক যুগ পর ফেরা নিয়ে মৌসুমী বলেন, "আমি তো এখানে-ওখানে দুইজায়গাতেই আছি। আর্টিস্ট আবার কোথায় যাবে। তবে হ্যাঁ, প্রায় অনেক বছর পরে ফেরা।"
ফিরে আসার পেছনে ‘আড়ি’ সিনেমার গল্প এবং তার চরিত্রের প্রতি ‘আত্মিক টান’ অনুভব করেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
মৌসুমী বলেন," এই চরিত্রে যেমন একটা স্বাভাবিক কমেডি আছে, যেটা আমার মধ্যেও আছে। ভানুকাকু (ভানু বন্দ্যোপাধ্যায়) বলতেন, 'তুই হচ্ছিস আসল আর্টিস্ট, হাসাতেও পারিস, কাঁদাতেও পারিস।’ এটাকেই আমি পুরস্কার ভাবি।
"এই চরিত্রের কিছু কিছু জায়গা খুবই আমার স্বভাবের মত। সেটা শুনে আমার খুব ভালো লেগেছিল। আর এই বয়সের চরিত্র নিয়ে এতটা ফুটেজ এবং আবেগ ব্যক্ত করার জায়গা তো কম লেখক রাখেন। মানে আমার মতে সিনিয়র শিল্পীদের জন্ এতটা পরিসর এখন কম চিত্রনাট্যে পাওয়া যায়।"
'আড়ি' সিনেমায় মা-ছেলের সম্পর্ক নিয়ে গড়া গল্পে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে কাজ করে আপ্লুত তিনি।
শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে এই অভিনেত্রী বলেছেন, যশ নুসরাত থেকে শুরু করে শুটিং সেটের স্পটবয়, রূপটান শিল্পী, ক্যামেরা ম্যান-সবার কাছ থেকেই তিনি যত্ন পাওয়ার কথা জানিয়েছেন।
“আমি এত স্পেশাল ফিল করেছি কী বলব! আমি যে বলতাম, কলকাতা আমার বাপের বাড়ি আর মুম্বাই হচ্ছে শ্বশুরবাড়ি, এটা তারা প্রমাণ করে ছেড়েছে।"
তবে শুটিং করা এত সহজ ছিল না অভিনেত্রীর জন্য। মৌসুমীর তখন শরীর ভালো ছিল না। কারণ এর কিছুদিন আগে মাইল্ড স্ট্রোক হয়েছিল অভিনেত্রীর।
বর্তমানে মুম্বাইয়ের বাড়িতে স্বামীর সঙ্গে থাকেন মৌসুমী। তবে মেয়ে পায়েলের মৃত্যুর পর থেকে স্বামী একেবারেই ভেঙে পড়েছেন। স্বামী সংসার সামলিয়েই দিন কেটে যায় অভিনেত্রীর।
মজা করে মৌসুমী বলেন, "বৃদ্ধ বয়সে যেমন দিলীপকুমার খালি সায়রা বানুর দিকেই তাকিয়ে থাকতেন, ঠিক তেমনই ও শুধু আমাকেই মানে। সেইজন্যেই মুম্বাই ছেড়ে বের হওয়া আমার পক্ষে কঠিন।”
একই সময়ে বাংলা সিনেমায় ফিরেছেন মৌসুমী চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর।
এ নিয়ে মৌসুমীর ভাষ্য, "অন্তত মানুষ যেন আমাদের দেখতে হলে আসে। এই প্রজন্ম তো অনেক কিছু জানেই না, ইতিহাসও না।"
চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বর্তমান চেহারায় কিছু খামতিও চোখে পড়েছে অভিনেত্রীর।
মৌসুমী বলেন,"ভালো সিনেমা কম হচ্ছে, রি-রিলিজ বাড়ছে, সৃষ্টিশীলতা কমেছে। অনেকের মধ্যে প্যাশনের অভাব।"
