২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কের কুইন্স থিয়েটারে প্রথমবারের মত গাইবে ‘অ্যাশেজ’

কনসার্টের উদ্দেশে ‘অ্যাশেজ’ দেশ ছাড়বে শুক্রবার।

নিউ ইয়র্কের কুইন্স থিয়েটারে প্রথমবারের মত গাইবে ‘অ্যাশেজ’
অ্যাশেজ ব্যান্ডের শিল্পীরা। ছবি: ফেইসবুক থেকে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2025, 04:19 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

প্রথমবারের মত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স থিয়েটারে পারফর্ম করতে যাচ্ছে ব্যান্ড ‘অ্যাশেজ’। 

ঐতিহাসিক এই স্থানে দলটি পারফর্ম করবে আগামী ৫ অক্টোবর। কনসার্টের জন্য ‘অ্যাশেজ’ উড়াল দিচ্ছে শুক্রবার। কনসার্ট শেষ করে ৯ অক্টোবর দেশে ফিরবে দলটি। এটি তাদের যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সফর। 

উচ্ছ্বাস প্রকাশ করে ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান বলেন, “কুইন্স থিয়েটারে আমরা একক শো করতে যাচ্ছি। আমরা খুব এক্সাইটেড। এই জায়গার কথা অনেক শুনেছি। আমরা অপেক্ষায় সেখানকার দর্শকদের সেরা মুহূর্ত উপহার দিতে।” 

এই গায়ক বলেছেন, দেশে ও দেশের বাইরে দলটির কনসার্টের সংখ্যা আগে থেকে বেড়েছে। গেল জুলাইয়ে কানাডার পাঁচটি শহরে কনসার্ট করেছে দলটি। 

কুইন্স থিয়েটার নিউ ইয়র্কের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত মঞ্চটি মূলত আঞ্চলিক ও কমিউনিটি থিয়েটারের জন্য ব্যবহৃত হত। 

১৯৯৩ সালে এটি সম্প্রসারণ ও আধুনিকায়ন করে আরও সুবিধাসম্পন্ন মঞ্চে রূপান্তর করা হয়।

চলতি বছরের শেষে নতুন অ্যালবাম আনতে যাচ্ছে ‘অ্যাশেজ’। দশটি গান দিয়ে সাজানো এই অ্যালবামের শিরোনাম ‘বিভ্রম’। 

ব্যান্ডের বর্তমান লাইনআপে আছেন- জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান (বেজ গিটার), আদনান বিন জামান (কি-বোর্ড), তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)।

২০০৬ সালে যাত্রা করে ‘অ্যাশেজ’ ব্যান্ড। গান ও স্টেজ পারফরম্যান্সের মাধ্যমে বিভিন্ন বয়সের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে ব্যান্ডটি। ‘অ্যাশেজের’ ‘ছারপোকা’ ও ‘অন্তঃসারশূন্য’ শিরোনামের দুটি অ্যালবাম রয়েছে।

এই দুই অ্যালবামের ‘উড়ে যাওয়া পাখির চোখে’, ‘তুমি আয়না দেখ না’, ‘তারাবাতি’, ‘সে আমারে’, 'আমার দিকে তাকিয়ে সে', ‘ছারপোকা’, ‘আয়না’ ‘ধুলোবালি’ সহ আরও কিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে।